এখন যাঁরা মেলায় আসছেন, তাঁদের মধ্যে অধিকাংশ আসেন বই কিনতে। তা ছাড়া অমর একুশে ফেব্রুয়ারিও সন্নিকটে। এখন বিক্রি ভালো হবে
যানজটে নাকাল নাগরিকের কাছে কারওয়ান বাজার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়া এখন চোখের পলক ফেলার মতোই। এটা সম্ভব হয়েছে মেট্রোরেলের কল্যাণে। বিকেলে কারওয়ান বাজারে অফিস শেষ করে মেট্রোতে চেপেছেন রিচার্ড কাব্য গাইন। টিএসসিতে নামার সময় তাঁর মনে হয়েছিল যেন চোখের পলকে চলে এসেছেন। রিচার্ড চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কাজ করেন বিটিএমসি ভবনের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে। গতকাল রোববার বিকেলে আগামী প্রকাশনীর প্যাভিলিয়নের সামনে কথা হলো তাঁর সঙ্গে। প্রিয় লেখক হুমায়ুন আজাদের উপন্যাস ফালি ফালি করে কাটা চাঁদ কিনেছেন। শুক্র-শনিবার ছুটির পর গতকাল মেলায় ভিড় বেশ কম ছিল। নিরিবিলি পরিবেশে বই কিনতে সুবিধা হবে ভেবেই গতকাল তিনি অফিস শেষে মেলায় এসেছিলেন। ইতিহাস ও রাজনীতি বিষয়ের প্রবন্ধের বই কিনবেন বলে জানালেন। আগামী প্রকাশনীর বিক্রেতারা জানালেন, প্রথাবিরোধী লেখক হুমায়ুন আজাদের বইগুলো এখনো ভালো চলে। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে তাঁর সব লেখার সংকলন রবীন্দ্রনাথ এবার নতুন এসেছে মেলায়। এ ছাড়া জিকরুর রেজা খানমের দুটি ভ্রমণকাহিনি এসেছে প্রাচ্যের রোম: তৈমুর লঙের দেশে এবং জোমো কেনিয়াত্তার দেশে।
গতকাল মেলায় ছুটির দিনের তুলনায় লোকসমাগম কম হলেও বিক্রি হয়েছে বেশ ভালো। কথাপ্রকাশের বিক্রয় প্রতিনিধি রিয়াজ হোসেন জানালেন, ছুটির দিনে অনেকেই আসেন মূলত বেড়ানোর উদ্দেশ্যে। এখন যাঁরা মেলায় আসছেন, তাঁদের মধ্যে অধিকাংশ আসেন বই কিনতে। তা ছাড়া অমর একুশে ফেব্রুয়ারিও সন্নিকটে। এখন বিক্রি ভালো হবে বলেই তাঁরা আশা করছেন। গতকাল কথাপ্রকাশের তারেক আজিজের অতীত ঢাকার আশ্চর্য ইতিহাস, ইমতিয়ার শামিম সম্পাদিত গোপন রাজনীতির গল্প, মজিদ মাহমুদের উপন্যাস তুমি শুনিতে চেয়ো না বইগুলো ভালো বিক্রি হয়েছে।
বাতিঘরের স্টলে সন্ধ্যায় নতুন এল সৈয়দ মোহাম্মদ শাহেদ সংকলিত ও সম্পাদিত শিক্ষাবিদ আনিসুজ্জামানের শিকাগোর চিঠি শিকাগোর স্মৃতি। অধ্যাপক আনিসুজ্জামান ১৯৬৪ সালে যুক্তরাষ্ট্রের শিকাগোতে প্রায় এক বছর অবস্থান করেন। সৈয়দ মোহাম্মদ শাহেদ বললেন, ওই সময় তিনি বেশ কিছু চিঠি লিখেছেন তাঁর বন্ধু সৈয়দ আহমদ হোসেনকে। সেসব চিঠিতে তিনি দেশ, সমাজ, সংস্কৃতি, মানুষ নিয়ে তাঁর ভাবনা তুলে ধরেছেন। চিঠিগুলো ইতিহাসের মূল্যবান উপাদান হয়ে আছে। বাছাই করা চিঠিগুলো নিয়ে এই বই। কোনো আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন হয়নি। তবে স্টলে আনিসুজ্জামানে স্ত্রী সিদ্দিকা জামান উপস্থিত ছিলেন। তিনি বললেন, প্রচ্ছদটা খুব ভালো হয়েছে। প্রকাশক ও যাঁরা প্রকাশনায় যুক্ত ছিলেন, তাঁদের ধন্যবাদ জানান তিনি।
গতকাল তথ্যকেন্দ্রে নতুন বইয়ের নাম জমা পড়েছে ৮৩টি। প্রথমার স্টলে এবারের মেলায় নতুন আসা আসিফ নজরুলের উপন্যাস আমি আবু বকর, মতিউর রহমান সম্পাদিত দুটি বই বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ও রক্তাক্ত ১৫ আগস্ট: স্মৃতি দলিল মতামত এবং পঁচাত্তরের অস্থির সময়: ৩ থেকে ৭ নভেম্বরের অকথিত ইতিহাস বইগুলো ভালো চলেছে।
এ ছাড়া নতুন বইয়ের মধ্যে অন্যপ্রকাশ এনেছে শাহনাজ মুন্নীর উপন্যাস দুঃখ কারাগার, গ্রন্থরাজ্য এনেছে তানজিনা হোসেনের গল্পসমগ্র, বাঙ্গালা গবেষণা এনেছে কাজী জাওয়াদ অনূদিত রিচার্ড কেরবাজের পাঁচ দেশের গুপ্তচর: ফাইভ আইজ, অনন্যা এনেছে দন্ত্যস রওশনের সেরা ৫ কিশোর উপন্যাস, প্রতিবিম্ব এনেছে উমর ফারুকের শিশুতোষ প্রভুত্ব ও বাঁকা লেজ, ছিন্নপত্র এনেছে অনার্য শান্তর কাব্যগ্রন্থ জেগে আছো গায়ত্রী।
মাইকেলের
দু শো বছর
গোলাম মুরশিদ
অবসর
মাইকেল মধুসূদন দত্তের জন্ম দ্বিশতবর্ষ হলো এ বছর। তাঁকে নিয়ে গোলাম মুরশিদের নতুন বই মাইকেলের দু শো বছর মেলায় এনেছে অবসর প্রকাশনী।
বাংলা কবিতার মধ্যযুগের অবসান ঘটিয়ে প্রকৃত আধুনিকতায় উত্তরণ ঘটেছিল মাইকেল মধুসূদন দত্তের হাত ধরেই। অমিত্রাক্ষর ছন্দ, চতুর্দশপদী হয়ে মেঘনাদবধ মহাকাব্য। আরও লিখলেন নাটক, প্রহসন। ইংরেজি শিখলেন। পিতা-মাতা, ধর্ম সব ত্যাগ করলেন। সবই সাহিত্যের জন্যই। দুই শ বছরেও তিনি বাঙালির হৃদয়ে অম্লান। গবেষক গোলাম মুরশিদ কবির ২০০ বছর পূর্তিতে মূল্যায়ন করেছেন নতুন দৃষ্টিভঙ্গিতে, দেখিয়েছেন মাইকেল কেন এখনো প্রাসঙ্গিক।
অধ্যাপক গোলাম মুরশিদের জন্ম বরিশালে। দীর্ঘ ৪০ বছর কাটিয়েছেন বিলেতে। বাঙালি সংস্কৃতির ইতিহাস, বাংলা গদ্যের ইতিহাস, নজরুল জীবনীসহ বহু গ্রন্থের প্রণেতা। বাংলা একাডেমি থেকে প্রকাশিত তাঁর সম্পাদিত তিন খণ্ডের বিবর্তনমূলক বাংলা অভিধান একটি প্রণিধানযোগ্য কাজ।
ঘরে বসে বইমেলার যেকোনো বই পেতে: www.prothoma.com ০১৭৩০০০০৬১৯