হাইকোর্টের আদেশ

সপ্তাহে দুদিন শিশুসন্তানকে দেখতে পাবেন আমেরিকান বাবা

শিশুদের আমেরিকান বাবা গ্যারিসন রবার্ট লুটরেল আজ হাইকোর্টে হাজির হয়েছিলেন
ছবি: সংগৃহীত

বাংলাদেশে মায়ের কাছে থাকা তিন বছরের শিশুসন্তানকে সপ্তাহে দুদিন নির্ধারিত স্থানে দেখতে যেতে পারবেন আমেরিকান বাবা। শনি ও মঙ্গলবার—এই দুদিন শিশুটির সঙ্গে সাত ঘণ্টা করে সময় কাটাতে পারবেন তিনি।

বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার অন্তবর্তীকালীন এ আদেশ দেন।

দুই শিশুসন্তানকে আদালতে হাজির করার নির্দেশনা চেয়ে ১৬ নভেম্বর রিট করেন শিশুদের আমেরিকান বাবা গ্যারিসন রবার্ট লুটরেল। প্রাথমিক শুনানি নিয়ে ২০ নভেম্বর হাইকোর্ট রুল দিয়ে দুই শিশুকে (তিন বছর ও এক মাস) নিয়ে তাদের মা ফারহানা করিমকে ২৮ নভেম্বর (আজ) আদালতে হাজির হতে নির্দেশ দেন। এ অনুসারে শিশুদের নিয়ে তিনি আজ আদালতে হাজির হন। শিশুদের বাবা গ্যারিসন রবার্ট লুটরেলও আদালতে উপস্থিত হন।

আদালতে গ্যারিসনের পক্ষে ছিলেন আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ ও সজীব মাহমুদ আলম। শিশুদের মা ফারহানার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. রুহুল কুদ্দুস।

পরে আইনজীবী সজীব মাহমুদ আলম প্রথম আলোকে বলেন, রুদ্ধদ্বার আদালত কক্ষে শিশুদের মা–বাবাসহ উভয়পক্ষের আইনজীবীর বক্তব্য শোনেন আদালত। শিশু যেন তার বাবার সঙ্গে আজ (মঙ্গলবার) কিছুটা সময় কাটাতে পারে, সে জন্য বাবার পক্ষ থেকে আদালতে অনুরোধ রাখা হয়। আদালতের মৌখিক নির্দেশনা অনুসারে অ্যাডভোকেট লাউঞ্জে (হাইকোর্টের বর্ধিত ভবনে অবস্থিত) শিশুর সঙ্গে তার বাবার দেখা করার ব্যবস্থা করা হয়। সেখানে শিশুটির বাবা তার দুই সন্তানকে নিয়ে একান্তে কিছু সময় কাটান।

রিট আবেদনকারীপক্ষের আইনজীবীর তথ্যমতে, আমেরিকার নাগরিক ব্যবসায়ী গ্যারিসন রবার্ট লুটরেল। তার সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভুত আমেরিকায় স্থায়ীভাবে বসবাসরত ফারহানা করিমের বিয়ে হয়। ২০২০ সালে তাদের প্রথম সন্তানের জন্ম হয়। অন্তঃস্বত্ত্বা অবস্থায় প্রথম সন্তানকে নিয়ে চলতি বছরের ২৯ জুন বাংলাদেশে চলে আসেন ফারহানা। পুরান ঢাকার একটি কাজী অফিস থেকে গত আগস্ট মাসে তালাকনামার নোটিশ গ্যারিসনের আমেরিকার ঠিকানায় পাঠান তিনি। গত ১৭ অক্টোবর ফারহানা ঢাকার একটি হাসপাতালে দ্বিতীয় সন্তানের জন্ম দেন। অন্যদিকে নোটিশ দেখে গত অক্টোবরে বাংলাদেশে আসেন গ্যারিসন। সন্তানদের সঙ্গে দেখা করার জন্য চেষ্টা করে ফল না পেয়ে হাইকোর্টে রিটটি করেন গ্যারিসন।

শিশুদের মায়ের আইনজীবী মো. রুহুল কুদ্দুস প্রথম আলোকে বলেন, সপ্তাহের প্রতি শনি ও মঙ্গলবার বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শিশুকে দেখার জন্য বাবাকে অনুমতি দিয়েছেন হাইকোর্ট। প্রাথমিকভাবে মা শিশুকে নিয়ে উত্তরা ক্লাবে আসবেন। বাবা সেখানে দেখবেন ও সময় কাটাবেন। এই আদেশ শুধু প্রথম সন্তান অর্থাৎ তিন বছর বয়সী শিশুটির ক্ষেত্রে। দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে নয়। কারণ, দ্বিতীয় শিশুটির বয়স এক মাস। এই শিশুর কল্যাণের দিক বিবেচনা করে তাকে নিয়ে এসে দেখা করার জন্য বলা হয়নি। এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য আগামী ১৬ জানুয়ারি দিন রেখেছেন হাইকোর্ট।