
চিত্রশিল্পী ও ভাষাসৈনিক মুর্তজা বশীরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আগামীকাল সোমবার, ১৫ আগস্ট। এ উপলক্ষে পারিবারিক কিছু কর্মসূচির আয়োজন করা হয়েছে।
দুপুরে বনানী কবরস্থানে শিল্পীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হবে, থাকবে দোয়া ও দুঃস্থ ব্যক্তিদের মধ্যে খাবার বিতরণ। চট্টগ্রামে পক্ষাঘাতগ্রস্ত বেশ কয়েকজন ব্যক্তিকে হুইলচেয়ার বিতরণ করবেন শিল্পীর মেয়ে মুনিজা বশীর।
মুর্তজা বশীরের ৯০তম জন্মদিন উপলক্ষে ১৭ আগস্ট তাঁর ঢাকার বাসায় হবে চিত্রকর্ম প্রদর্শনী। বিভিন্ন সময়ে শিল্পীর আঁকা আত্মপ্রতিকৃতি ও ব্যক্তিগত সংগ্রহ সেখানে স্থান পাবে।
প্রখ্যাত ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ্র ছেলে মুর্তজা বশীরের জন্ম ১৯৩২ সালের ১৭ আগস্ট ঢাকার রমনায়। তিনি দেশের প্রথম প্রজন্মের খ্যাতিমান চিত্রশিল্পী ছিলেন। মহান ভাষা আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন। ২০২০ সালের এই দিনে মৃত্যু হয় শিল্পীর।