তারেক মাসুদের পরিবারকে ক্ষতিপূরণের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি শুরু

হাইকোর্ট
 ফাইল ছবি

সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদের মৃত্যুতে তাঁর পরিবারকে ৪ কোটি ৬১ লাখ ৭৫ হাজার ৪৫২ টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি শুরু হয়েছে।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ আজ বুধবার এ শুনানি গ্রহণ করে বিষয়টি আংশিক শ্রুত হিসেবে রেখেছেন। আগামী মঙ্গলবার আপিলের ওপর আবার শুনানি হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী।

তারেক মাসুদের পরিবারের করা মামলায় ২০১৭ সালের ৩ ডিসেম্বর হাইকোর্ট রায় দেন। রায়ের পর বাসমালিক ও বাদীপক্ষ ২০১৯ সালে পৃথক আপিল বিভাগে আপিল করে। আপিল দুটি একসঙ্গে শুনানির জন্য ওঠে।

আদালতে বাসমালিকের করা আপিলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী কামরুল হক সিদ্দিকী। তারেক মাসুদের পরিবারের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন ও রমজান আলী শিকদার। রিলায়েন্স ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষে ছিলেন আইনজীবী এহসান এ সিদ্দিক।

২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মারা যান তারেক মাসুদ ও মিশুক মুনীর। তাঁদের বহনকারী মাইক্রোবাসটির সঙ্গে চুয়াডাঙ্গাগামী একটি বাসের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই পাঁচজন প্রাণ হারান। দুর্ঘটনার পর তারেক মাসুদ ও মিশুক মুনীরের পরিবারের মানিকগঞ্জ জেলা জজ আদালতে মোটরযান অধ্যাদেশ অনুযায়ী বাসমালিক, চালক ও ইনস্যুরেন্স কোম্পানির বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে পৃথক মামলা করেন। বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে মামলা দুটি হাইকোর্টে আসে। এর মধ্যে তারেক মাসুদের পরিবারের করা মামলায় হাইকোর্টের দেওয়া রায়ে তারেক মাসুদের পরিবারকে ৪ কোটি ৬১ লাখ ৭৫ হাজার ৪৫২ টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়। আর মিশুক মুনীরের পরিবারের পক্ষ থেকে করা ক্ষতিপূরণ মামলাটি হাইকোর্টে বিচারাধীন।