
ভারতের কলকাতায় গত ১৯ আগস্ট ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের পর সেখানে অনেক আবাসিক হোটেল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। এতে সেখানে চিকিৎসা বা অন্যান্য প্রয়োজনে যাওয়া বাংলাদেশিরা আবাসন–সংকটে পড়তে পারেন। এ পরিস্থিতি এড়াতে অগ্রিম হোটেল বুকিং ছাড়া কলকাতায় ভ্রমণ না করতে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে সেখানকার বাংলাদেশ উপহাইকমিশন।
আজ বৃহস্পতিবার কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ আগস্ট কলকাতায় মর্মান্তিক অগ্নিকাণ্ডের পর স্থানীয় প্রশাসন দুর্ঘটনা এড়াতে দুর্ঘটনাপ্রবণ আবাসিক হোটেল ও রেস্তোরাঁগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা বিধি ও অন্যান্য নিয়মকানুন মেনে এসব হোটেল আবার চালু হতে এক মাসের বেশি সময় লাগতে পারে। এমন পরিস্থিতিতে কলকাতায় গিয়ে আবাসনের সমস্যায় পড়া এড়াতে অগ্রিম হোটেল বুকিং নিশ্চিত না করে ভ্রমণ না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
নির্দেশনায় হোটেলের বুকিং নিশ্চিত করে এবং হোটেলটির বর্তমান কার্যক্রম, কক্ষের প্রাপ্যতা ও অবস্থান সম্পর্কে যথাযথভাবে অবগত হয়ে ভ্রমণ করতে অনুরোধ করা হচ্ছে।
এ ছাড়া চিকিৎসার উদ্দেশ্যে আগত রোগীর সফরসঙ্গীদের কলকাতায় আসার আগেই হোটেল বুকিং নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট হোটেলের কক্ষের প্রাপ্যতা, বুকিংয়ের বৈধতা, হোটেল থেকে হাসপাতালের দূরত্ব এবং অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।