
জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ‘স্মার্ট বাংলা কারাওকে মিউজিক কনটেস্ট ২০২৪’। গত শনিবার রাতে রাজধানীর আগারগাঁওয়ে জহির স্মার্ট টাওয়ারের সম্মেলনকক্ষ মুখর ছিল প্রতিযোগীদের প্রাণবন্ত পরিবেশনায়।
বাংলাদেশে জাপানের সনির অফিশিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট ইলেকট্রনিকস লিমিটেড (সনি-স্মার্ট) দেশে প্রথমবারের মতো আয়োজন করে এই প্রতিযোগিতা।
প্রতিযোগিতাটি ছিল প্রতিভাবান শিল্পীদের জন্য এমন একটি মঞ্চ, যেখানে তাঁরা নিজেদের মেধা ও সৃজনশীলতা প্রকাশের সুযোগ পেয়েছেন। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১ হাজার ৭০০ প্রতিযোগী অংশ নেন। তাঁদের মধ্য থেকে বিভিন্ন রাউন্ডে যাচাই-বাছাইয়ের পর ২৫ জন শিল্পী গ্র্যান্ড ফিনালেতে অংশগ্রহণের সুযোগ পান। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন রাজধানী উত্তরার শাহীন আলম। পুরস্কার হিসেবে তাঁকে নগদ ৫০ হাজার টাকা, ফার্স্ট রানারআপ আহাদুর রহমানকে ৩০ হাজার টাকা এবং সেকেন্ড রানারআপ শ্যামল দেবনাথকে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। তাঁরাসহ মোট ১০ প্রতিযোগীকে দেওয়া হয় স্মার্ট বাংলা কারাওকে মিউজিক সিস্টেম।
প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন গায়ক, সুরকার ও সংগীত পরিচালক কিশোর দাশ, সংগীতশিল্পী ও সংগীত পরিচালক সাজিয়া সুলতানা এবং সংগীতশিল্পী ইসফাত আরা। উপস্থিত ছিলেন স্মার্ট বাংলা কারাওকে মিউজিক কনটেস্ট-২০২৪ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর সংগীতশিল্পী লিলিন মুন এবং স্মার্ট টেকনোলোজিস্ (বিডি) লিমিটেডের মহাব্যবস্থাপক সারোয়ার জাহান চৌধুরী, হেড অব মার্কেটিং (উপমহাব্যবস্থাপক) আজাদ রহমানসহ প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শ্রাবণ্য তৌহিদা। ভিডিও বার্তায় বিজয়ীদের অভিনন্দন জানান কণ্ঠশিল্পী আঁখি আলমগীর, সালমা আক্তার ও রাশেদ উদ্দিন।