হামের সংক্রমণ থামছে না। হাসপাতালে আসছে নতুন রোগী। আজ মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে
হামের সংক্রমণ থামছে না। হাসপাতালে আসছে নতুন রোগী। আজ মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে

হামের প্রাদুর্ভাবে শিশুমৃত্যু ৬০০ ছুঁই ছুঁই

হামের উপসর্গে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ছয় শিশু মারা গেছে। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত সময়ে শিশুমৃত্যুর ঘটনাগুলো ঘটে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৫০৪ শিশু। আর নিশ্চিত হামে মৃত্যু ৯০ শিশুর। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৫৯৪।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে, সবশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ২৯২ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ৭৩ হাজার ৩৬২।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সবশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্তের সংখ্যা ৪২। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৯ হাজার ১৩৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৯ হাজার ১০৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৫৪ হাজার ৮৫২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে, সবশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কেউ মারা যায়নি। তবে হামের উপসর্গে ছয় শিশু মারা গেছে। তাদের মধ্যে চার শিশু ঢাকা বিভাগের এবং রাজশাহী ও সিলেট বিভাগের একজন করে।