বিটিআই আমদানিতেও জালিয়াতি, মার্শাল অ্যাগ্রোভেটের বিরুদ্ধে কাস্টমসের মামলা

মশার লার্ভা নিধনের ব্যাকটেরিয়া বিটিআই (বাসিলাস থুরিনজেনসিস ইসরায়েলেনসিস) বন্দর থেকে খালাসের সময়ও জালিয়াতির ঘটনা ঘটেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সনদ জাল করে এই চালান খালাসের ঘটনায় চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ বুধবার বন্দর থানায় মামলা করেছে।

মামলায় আমদানিকারক মার্শাল অ্যাগ্রোভেট কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও প্রতিষ্ঠানটির পক্ষে পণ্য খালাসকারী সিঅ্যান্ডএফ এজেন্টের কর্মকর্তাদের আসামি করা হয়েছে। চট্টগ্রাম কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. বাকিবিল্লাহ বাদী হয়ে এ মামলা করেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় কুমার সিনহা প্রথম আলোকে বলেন, মামলায় মার্শাল অ্যাগ্রোভেটের নির্বাহী পরিচালক নাসিরউদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলাউদ্দিন, সিঅ্যান্ডএফ এজেন্ট তিভোলি এন্টারপ্রাইজের কর্ণধার বিশ্বজিত কর্মকার এবং কর্মী জাকির হোসেন ও শহিদুল ইসলামকে আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা হিসেবে মার্শাল অ্যাগ্রোভেটের পরিচালকদেরও আসামি করা হয়। পুলিশ তদন্ত শুরু করেছে।

গত জুলাই মাসে পাঁচ টন ওজনের ব্যাকটেরিয়ার চালানটি চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করেছিল মার্শাল অ্যাগ্রোভেট। সিঙ্গাপুর থেকে আমদানির কথা বলে ঢাকা উত্তর সিটিকে (ডিএনসিসি) মশা নিধনের নতুন এই ব্যাকটেরিয়া সরবরাহও করেছিল। তবে চালানটি সরবরাহের পর জানা যায়, চীন থেকেই তারা এই ব্যাকটেরিয়া আমদানি করেছে। দরপত্রের শর্ত অনুযায়ী বিটিআই ব্যাকটেরিয়াটি চীন থেকে আমদানির কোনো সুযোগ ছিল না।

এ ঘটনায় গত সোমবার ঢাকা উত্তর সিটি করপোরেশনও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ চারজনকে আসামি করে গুলশান মডেল থানায় মামলা করে। সিটি করপোরেশনও মার্শাল অ্যাগ্রোভেটকে কালোতালিকাভুক্ত করে।

চট্টগ্রাম কাস্টমস মামলাটি করেছে মূলত জাল সনদ দিয়ে চালানটি খালাস নেওয়ার অভিযোগে। জুলাই মাসে চালানটি আমদানি করার পর মার্শাল অ্যাগ্রোভেট কাস্টমস কর্তৃপক্ষের কাছে কীটনাশকের নিবন্ধন সনদ ও আমদানির লাইসেন্স জমা দেয়। এই সনদ জমা দিয়ে চালানটি খালাস নেয় প্রতিষ্ঠানটি। পরে কাস্টমস কর্তৃপক্ষ সনদ যাচাই করার জন্য চিঠি দেয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে। মার্শাল অ্যাগ্রোভেট যে সনদ জমা দিয়েছে, তা ঠিক নয় বলে কৃষি সসম্প্রসারণ অধিদপ্তর কাস্টমস কর্তৃপক্ষকে জানায়। এরপরই কাস্টমস মামলা করে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

জানতে চাইলে চট্টগ্রাম কাস্টমসের মুখপাত্র মো. বদরুজ্জামান মুন্সি আজ প্রথম আলোকে বলেন, মাশাল অ্যাগ্রোভেট যে সনদ জমা দিয়েছে, তা জাল বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে। অবসরে যাওয়া কর্মকর্তার সই জাল করে এবং ভিন্ন কীটনাশকের নাম দিয়ে চালানটি খালাস নিয়েছে প্রতিষ্ঠানটি।