
মানুষ দীর্ঘদিন ধরে নানাভাবে নির্যাতিত, নিষ্পেষিত হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলন মানুষের ক্ষোভ প্রকাশের সুযোগ করে দেয়। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে গেছে। এখন স্বপ্নের একটি বাংলাদেশ নির্মাণে সবাইকে কাজ করতে হবে।
আজ শনিবার ‘মৃত্যুর মুখোমুখি: কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী আন্দোলন শুরু করে?’ শীর্ষক এক ওয়েবিনারে বক্তারা এসব কথা বলেন। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ ওই ওয়েবিনারের আয়োজন করে। এ ওয়েবিনারে মূলত আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষার্থী বক্তব্য দেন।
আন্দোলনে ছাত্রলীগের হামলায় গুরুতর আহত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সিনথিয়া মেহরিন। তাঁর একটি ছবি তখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। সেদিনের ঘটনা বর্ণনা করে তিনি বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের সাবেক প্রধানমন্ত্রী রাজাকার বলার পর তাঁরা প্রতিবাদ জানান। রাতে মেয়েদের হল থেকে শিক্ষার্থীরা তালা ভেঙে বের হয়ে আসেন। পরদিন তাঁদের কর্মসূচিতে ছাত্রলীগ ভাড়া করা টোকাই নিয়ে হামলা চালায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনের চত্বরে তাঁরা আশ্রয় খুঁজছিলেন। বিশ্ববিদ্যালয়ের লাল বাসের সামনে তাঁর মাথায় রড দিয়ে আঘাত করা হয়। এরপর আড়াই ঘণ্টা তাঁর চেতনা ছিল না।
ছাত্রলীগ প্রসঙ্গে তিনি বলেন, ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু এখনো তাদের শাস্তি হয়নি। তারা স্বাভাবিক জীবন যাপন করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি করলেও এখনো দৃশ্যমান কিছু করেনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী সামিয়া মাসুদ বলেন, কোটা সংস্কার আন্দোলনের আগেও তাঁরা ও সাধারণ মানুষ নানা বৈষম্যের শিকার হয়েছেন। মানুষের ছোট ছোট ক্ষোভ থেকে স্ফুলিঙ্গ তৈরি হয়। ১৫ জুলাই থেকে ছাত্রলীগ শিক্ষার্থীদের আন্দোলন থামাতে চেষ্টা করে। শিক্ষার্থীদের রাজাকার আখ্যা দিয়ে তাঁদের ওপর হামলা করা হয়। এতে আন্দোলন আরও বেগবান হয়। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের হল থেকে বের করে দেওয়ার পর ১৮ জুলাই অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে না এলে হয়তো আন্দোলন এত দূর গড়াত না। আন্দোলনের নারীদের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, এখন অনেক ক্ষেত্রে নারীদের অবদানের কথা সেভাবে আলোচনায় আসে না।
দেশপ্রেমের তাগিদে শিক্ষার্থীরা নিয়োগপ্রক্রিয়ায় মেধার মূল্যায়নের দাবিতে রাজপথে নেমে আসেন—এমন মন্তব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী আবিদ হাসান বলেন, তিনি প্রথম যেদিন হলে ওঠেন, তাঁকে গেস্টরুমে ডেকে প্রশ্ন করা হয়, হাতে ঘড়ি কেন? প্যান্ট টাকনুর ওপরে কেন? তিনি ছাত্রলীগের নেতাদের মুখে মুখে কথা বলায় তাঁকে শিবির ‘ট্যাগ’ দেওয়া হয়। শিক্ষার্থীদের সব সময় রাজনৈতিক কর্মসূচিতে নিতে জবরদস্তি করা হতো। সাধারণ শিক্ষার্থীদের সবার ছাত্রলীগের প্রতি বিতৃষ্ণা ছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, দিনের পর দিন শিক্ষার্থীরা আন্দোলন করেছেন। কিন্তু তখনকার সরকারের কোনো ভ্রুক্ষেপ ছিল না। আন্দোলনের ঘটনাক্রম তুলে ধরে তিনি বলেন, এখন স্বপ্নের একটি বাংলাদেশ নির্মাণে সবাইকে কাজ করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক মুশতাক হোসেন বলেন, জুলাই অভ্যুত্থানে অপরিসীম ত্যাগের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে গেছে। হয়তো আরও এগোনো যেতো। ত্যাগের মাধ্যমে যে পরিবেশ পাওয়া গেছে তা রক্ষা করতে হবে। অনেক দেশ বাংলাদেশের এই আন্দোলন থেকে অনুপ্রেরণা নিচ্ছে।
সমাপনী বক্তব্যে মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. মাহমুদুল হাসান বলেন, শিক্ষার্থীদের আন্দোলন এক-দুই দিনের আন্দোলন ছিল না। মানুষ অনেক বছর নানাভাবে নির্যাতিত–নিষ্পেষিত হয়েছে। কোটা সংস্কার আন্দোলন ক্ষোভ প্রকাশের একটি সুযোগ করে দেয়। এই আন্দোলন অভূতপূর্ব।
আলোচনায় সূচনা বক্তব্য দেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসরিয়াল ফেলো অধ্যাপক নিয়াজ আসাদুল্লাহ।