ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা নিয়ে একই আসনের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের করা লিভ টু আপিল আগামীকাল মঙ্গলবার আপিল বিভাগে শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে। আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব আজ সোমবার এই দিন নির্ধারণ করেন।
এর আগে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে কাইয়ুমের প্রার্থিতার বৈধতা নিয়ে নাহিদের করা রিট ৩ ফেব্রুয়ারি সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় ৫ ফেব্রুয়ারি লিভ টু আপিলটি দায়ের করেন নাহিদ ইসলাম। চেম্বার আদালতের আজকের কার্যতালিকায় লিভ টু আপিলটি শুনানির জন্য ওঠে।
লিভ টু আপিলকারী নাহিদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন শুনানি করেন। কাইয়ুমের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও মো. রুহুল কুদ্দুস শুনানিতে ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
পরে জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন প্রথম আলোকে বলেন, লিভ টু আপিলটি আগামীকাল মঙ্গলবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেছেন চেম্বার আদালত।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোটের আর মাত্র তিন দিন বাকি আছে। এর আগে রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই শেষে গত ৩ জানুয়ারি কাইয়ুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে তা গ্রহণ করেন রিটার্নিং কর্মকর্তা। বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা গত ২২ জানুয়ারি কাইয়ুমকে ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ দেন।
তবে কাইয়ুম ভানুয়াতু নামের একটি দেশের নাগরিক, অর্থাৎ দ্বৈত নাগরিক—এমন অভিযোগ তুলে রিটার্নিং কর্মকর্তার ওই দুই সিদ্ধান্তের বৈধতা নিয়ে ২ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট করেন একই আসনের প্রার্থী নাহিদ ইসলাম। কাইয়ুম দ্বৈত নাগরিক এবং এই তথ্য তিনি হলফনামায় গোপন করেছেন বলে রিটে অভিযোগ করা হয়। শুনানি নিয়ে ৩ ফেব্রুয়ারি হাইকোর্ট রিট আবেদনটি সরাসরি খারিজ করে দেন, যার বিরুদ্ধে লিভ টু আপিল করেন নাহিদ।
লিভ টু আপিলে কাইয়ুমের প্রার্থিতা বৈধ ঘোষণা ও তাঁকে প্রতীক (ধানের শীষ) বরাদ্দের সিদ্ধান্ত স্থগিত চাওয়া হয়েছে বলে জানিয়েছেন নাহিদ ইসলামের অন্যতম আইনজীবী জহিরুল ইসলাম মুসা।