জেন্ডারভিত্তিক সহিংসতার ভয়: মেয়েদের প্রতিবন্ধকতা ও অগ্রযাত্রা

স্বাধীন দেশ হিসেবে ৫২তম বছরে পা রেখেছে বাংলাদেশ। নানা প্রতিকূলতা পেরিয়ে আমাদের গৌরবময় অর্জন রয়েছে অগণিত। নানা খাতে বাংলাদেশ বিশেষভাবে এগিয়ে গেছে। সামাজিক উন্নয়ন, অর্থনৈতিক গতিশীলতা, রাজনৈতিক ক্ষমতায়নে নারীর অবস্থান, জনসংখ্যা নিয়ন্ত্রণ, পোশাক রপ্তানিসহ নানা খাতে প্রথম সারির দেশ হিসেবে স্থান অর্জন করেছে বাংলাদেশ। তবে এখনো অনেক কিছুই করার মতো। টেকসই উন্নয়নের লক্ষ্যে এগিয়ে যেতে সারা বিশ্বের মতো সার্বিকভাবে ধর্ম-বর্ণ-জেন্ডার-বয়স-শ্রেণিনির্বিশেষে সমাজের সব মানুষ, বিশেষ করে সংখ্যালঘু, সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠী যেন সংবিধানে দেওয়া সমান অধিকার ভোগ করতে পারে, তা নিয়ে কাজ করে চলেছি আমরা।

তবে নারী অধিকার, নারী স্বাধীনতা বিষয়ে এখনো নানা প্রশ্ন রয়ে গেছে। যে সমাজকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখি, সেই সমাজে মেয়েরা সামাজিক, আর্থিক, আইনগত ইত্যাদি আরও নানান ভাবে বঞ্চনা ও বৈষম্যের শিকার। এ যেন এক লাগাতার যুদ্ধ। পৃথিবীব্যাপী মেয়েশিশু এবং কিশোরীদের অধিকার নিশ্চিত করতে আলাদা করে কোনো নীতিমালা নেই। যেটুকু আছে, তার পর্যাপ্ত বাস্তবায়ন নেই।

আমাদের দেশের প্রেক্ষাপটে কিশোরী ও যুব নারীদের একটা বিরাট অংশ বাল্যবিবাহের ঝুঁকিতে। তাদের পড়াশোনা, স্বাস্থ্য, মানসিক বিকাশ—সবকিছুই পদে পদে বাধার সম্মুখীন। ঘরে-বাইরে-কর্মস্থলে-শিক্ষাপ্রতিষ্ঠানে, এমনকি অনলাইন প্ল্যাটফর্মেও রয়েছে জেন্ডারভিত্তিক সহিংসতা এবং তার চেয়ে বেশি জেন্ডারভিত্তিক সহিংসতার ভয়।

ঘর থেকে শুরু করে জনসমাগম—সর্বত্র এই ভয় বিদ্যমান। প্রচুর সম্ভাবনা থাকা সত্ত্বেও মেয়েরা পিছিয়ে পড়ছে, অল্প বয়সেই ঝরে পড়ছে বাল্যবিবাহের কারণে।

বাল্যবিবাহ সেই সহিংসতার ভয়ের চক্রের একটি বড় অংশ। প্রচুর সম্ভাবনা থাকা সত্ত্বেও মেয়েরা পিছিয়ে পড়ছে, অল্প বয়সেই ঝরে পড়ছে বাল্যবিবাহের কারণে। প্ল্যান ইন্টারন্যাশনালের জরিপ বলছে, অংশগ্রহণকারীদের প্রায় ৩৫ শতাংশের মতে যৌন নিপীড়নের ভয় বাল্যবিবাহের অন্যতম মূল কারণ। ২৫ দশমিক ৬ শতাংশের মতে সামাজিক বিভাজনজনিত উদ্বেগের কারণে মা–বাবা মেয়েদের অল্প বয়সেই বিয়ে দিয়ে দেন।

অংশগ্রহণকারীদের ৮১ দশমিক ৬ শতাংশ নারীদের দাবি, তাঁরা জনসামগমস্থলে যৌন নিপীড়নের শিকার হয়েছেন। ৮৬ দশমিক ৮ শতাংশ নারী বলেছেন, তাঁরা সহিংসতার শিকার হয়েছেন পারিবারিক বলয়েই।

পারিবারিক বলয়, কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠান, অনলাইন প্ল্যাটফর্ম আর জনসমাগমস্থল—এ পাঁচ ক্ষেত্রে জরিপটি করা হয়েছে। অংশগ্রহণকারীদের মধ্যে ৭৪ শতাংশ জানিয়েছেন যে তারা শিক্ষাপ্রতিষ্ঠানে জ্যেষ্ঠ সহপাঠী ও শিক্ষকদের মাধ্যমে শারীরিক ও মানসিক নির্যাতন, হয়রানি ও ব্যঙ্গ-বিদ্রূপের শিকার হয়েছেন। অনলাইন প্ল্যাটফর্মে অশালীন, ক্ষতিকর মন্তব্যের মাধ্যমে নিপীড়নের ঘটনার কথা জানিয়েছেন ৫৭ শতাংশ আর কর্মক্ষেত্রে যৌন নিপীড়নের শিকার হওয়ার কথা জানিয়েছেন ৫৬ শতাংশ নারী।

সাক্ষাৎকার দেওয়া ব্যক্তিদের মধ্যে ১৮ দশমিক ৮ শতাংশ জানায়, তারা সামাজিক সীমাবদ্ধতার কারণে সামাজিকভাবে চিহ্নিত জেন্ডারভিত্তিক পেশায় যেতে বাধাগ্রস্ত হয় এবং ১২ দশমিক ৫ শতাংশ নারীকে মা–বাবার বিধিনিষেধের সম্মুখীন হতে হয়।

জরিপে অংশগ্রহণকারীদের ৯০ দশমিক ২ শতাংশ মেয়ে এবং যুব নারী জানিয়েছেন, তাঁরা শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংসতার কারণে বিষণ্ণতার মুখোমুখি হন এবং তাঁদের মধ্যে প্রায় ৫৬ শতাংশ নারীই নীরব থাকাকেই সমাধান মনে করেন।

জরিপে অংশগ্রহণকারী অভিভাবকদের মধ্যে ৬২ শতাংশ মা জানিয়েছেন, সহিংসতার ভয়ে তাঁরা তাঁদের মেয়েদের স্কুল পিকনিকে অংশ নিতে দেন না, যেখানে বাবাদের মধ্যে ৫৪ শতাংশ প্রাইভেট টিউশনে যেতে দিতে চান না।

আমাদের মেয়েরা যখন বিশ্বের ময়দানে লড়ে ছিনিয়ে আনছে স্বর্ণপদক আর বিশ্বমানের সম্মান, সেখানে সহিংসতার ভয়ে মেয়েদের বাইরে যেতে কিংবা খেলাধুলায় অংশ নিতে বাধা দেন জরিপে অংশগ্রহণকারী সাড়ে ১৭ শতাংশ বাবা-মা।

সহিংসতা নিয়ে আমরা সব সময় কথা বলছি। এর প্রতিরোধে কী করা যায়, কী করা সম্ভব, এ নিয়ে বিপুল আলোচনা, তবে সহিংসতার ভয় নিয়ে আমরা কতটুকু ভাবছি? কিশোরী ও যুবদের সঙ্গে কথা বলতে গিয়ে আমরা খুঁজে পেয়েছি যে সহিংসতার ভয় কী করে তাদের এগিয়ে চলার পথকে পদে পদে বাধাগ্রস্ত করছে। নীতিমালা, আইনে, জাতীয় বাজেটে কিংবা আলোচনায় এই ‘সহিংসতার ভয়’-এর বিষয়টি রয়ে গেছে অনুপস্থিত। সহিংসতার ভয়ও যে নারী ও কন্যাশিশুদের সম্ভাবনার পথে বাধা, তা এখনো আমাদের গুরুত্বে আসে না সেভাবে।

কিন্তু দিন বদলাচ্ছে, দিন বদলাবে। জেন্ডার স্টেরিওটাইপ ভেঙে নতুন দিনের আলো দেখাচ্ছে আমাদের নতুন প্রজন্ম। মেয়েদের আত্মবিশ্বাসী করে গড়ে তোলার পাশাপাশি তাদের জন্য তৈরি করতে হবে একটি ইতিবাচক পরিবেশ। যেই পরিবেশে জেন্ডারভিত্তিক সহিংসতার ভয় ছাড়াই মেয়েরা বেড়ে উঠবে। আইনে এবং বাজেটে তার প্রতিফলন এবং বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। শুধু মেয়েদের নয়, ছেলেদেরও লিঙ্গসমতা দূর করতে বাড়ি থেকেই সঠিকভাবে, সমানভাবে সমঅধিকার নিয়ে শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে। আমাদের শিশু ও যুবরা, বিশেষ করে যুব মেয়েরা যেন সহিংসতার ভয় পেরিয়ে নিজেকে উদ্ভাসিত করতে পারে। তাদের পূর্ণ সম্ভাবনার বিকাশ ঘটাতে পারে। সমান অধিকার নিয়ে সবাই যেন জোর গলায় সমস্বরে যেন বলতে পারে ‘সহিংসতার ভয়, আর নয়।’

লেখক: সেমন্তী মঞ্জরী, ক্যাম্পেইন ম্যানেজার, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ওয়াহিদা জামান, কমিউনিকেশন স্পেশালিস্ট, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ