ছাত্র অধিকারের ২৪ নেতা-কর্মীর মুক্তি চান বিদেশে অবস্থানরত ২৬ বাংলাদেশি গবেষক ও শিক্ষার্থী

ছাত্র অধিকার পরিষদের ডাকা বুয়েটের ছাত্র আবরার ফাহাদের স্মরণসভায় হামলা চালায় ছাত্রলীগ
ছবি: প্রথম আলো

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বুয়েট ছাত্র আবরার ফাহাদের স্মরণসভায় ছাত্রলীগের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানিসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি গবেষক ও গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা। ছাত্র অধিকার পরিষদের ২৪ নেতা-কর্মীর অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেছেন তাঁরা। সোমবার এক বিবৃতিতে তাঁরা এ দাবি জানান।

শহীদলু ইসলাম, জিয়া হাসান, কাজী মুকিতুল ইসলাম ও মারুফ মল্লিকসহ ২৬ জন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা নিম্ন স্বাক্ষরকারী গবেষক ও শিক্ষার্থীরা আবরার ফাহাদের স্মরণসভায় আখতার হোসেন, আকরাম হুসাইনসহ ২২ শিক্ষার্থীর ওপর হামলা ও তাঁদের কারাগারে পাঠানোয় উদ্বেগ প্রকাশ করছি।’

৭ অক্টোবর বিকেলে ‘আবরার ফাহাদ স্মৃতি সংসদ’-এর ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বুয়েট ছাত্র আবরার হত্যার তিন বছর পূর্তি উপলক্ষে স্মরণসভার আয়োজন করে ছাত্র অধিকার পরিষদ। সেখানে ছাত্রলীগ হামলা করে তাদের ধাওয়া দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেয়। হামলায় পরিষদের অন্তত ১৫ নেতা-কর্মী আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানে গিয়েও তাঁদের পেটায় ছাত্রলীগ। বিকেলে হাসপাতাল থেকে পরিষদের বেশ কয়েকজন নেতা-কর্মীকে আটক করে শাহবাগ থানার পুলিশ।

পরে ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীদের নামে দুটি মামলা করেন ছাত্রলীগের দুই নেতা। দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে পরদিন সকালে ছাত্র অধিকার পরিষদের ২৪ নেতা-কর্মীদের আদালতে পাঠায় শাহবাগ থানার পুলিশ।

বিবৃতিতে বলা হয়, ‘গণতান্ত্রিক রাষ্ট্রে ভিন্নমতের অধিকার প্রয়োগ করা শাস্তি দেওয়া ক্ষমতার একধরনের অপব্যবহার। এই হামলার ঘটনায় আমরা বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রের খুব ই গুরুত্বপূর্ণ দুটি প্রতিষ্ঠান, পুলিশ ও বিচার বিভাগের ভূমিকা দেখে আমরা হতবাক।’

গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক ভিন্নমতের অধিকার প্রয়োগ করায় ক্ষমতার এক ধরনের অপব্যবহার বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। তাতে বলা হয়েছে, হামলায় পুলিশ ও বিচার বিভাগের ভূমিকা ছিল হতাশাজনক।

বিবৃতিতে গবেষক ও শিক্ষার্থীরা অভিযোগ করেন, হামলাকারীদের নিবৃত করার পরিবর্তে পুলিশ ছাত্র অধিকার পরিষদের ২৪ আহত শিক্ষার্থীকে হাসপাতাল থেকে আটক করেছে। অপর দিকে মহানগর হাকিম আদালত গুরুতর আহত শিক্ষার্থীদের জামিন নামঞ্জুর করেছেন। ইতিমধ্যে একটি মামলায় ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আখতার হোসেন ও সাধারণ সম্পাদক আকরাম হোসেনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

কারাবন্দী শিক্ষার্থীরা জামিন না পাওয়ায় অনেকেই ফাইনাল ও মিডটার্ম পরীক্ষায় উপস্থিত হতে পারেননি। যা শিক্ষার্থীদের একাডেমিক অধিকারের গুরুতর লঙ্ঘন বলে অভিযোগ করেন বিবৃতিদাতা গবেষক ও শিক্ষার্থীরা। এই বিবৃতিদাতাদের মধ্যে আরও আছেন, হাসান মাহমুদ, রাহনুমা সিদ্দিকা, মিজান রহমান, শিব্বির আহমেদ, নওশীন শর্মিলা রিতু, মুহাম্মদ আবদুর রাকিব, সহিদলু ইসলাম, রাহুল আনজমু প্রমুখ।