
বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব পুলিশ একাডেমিসের (ইন্টারপা) ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে বাংলাদেশ। পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের ব্যবস্থাপনায় ঢাকায় শুরু হওয়া ১১তম ইন্টারপা বার্ষিক সম্মেলনের সাধারণ সভায় এ ঘোষণা দেওয়া হয়।
আজ মঙ্গলবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গতকাল সোমবার ঢাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ১১তম ইন্টারপা বার্ষিক সম্মেলন। বর্তমানে বিশ্বের ৬৩টি দেশ ইন্টারপার সদস্য। এর সদর দপ্তর তুরস্কে। বাংলাদেশ ছাড়াও এ নির্বাচনে কাতার ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে।
সম্মেলনের দ্বিতীয় দিনে আজ অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধিরা জাতীয় সংসদ, ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর এবং রাজারবাগে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেন। এ সময় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রতিনিধিদলের সদস্যরা।