রাজধানীর পল্লবী থানার ফটকে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে
রাজধানীর পল্লবী থানার ফটকে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে

‘ফোকাস’ পেতে থানা-পুলিশের স্থাপনা লক্ষ্য করে ককটেল বিষ্ফোরণ

পুলিশের স্থাপনাকে লক্ষ্য করে ককটেল হামলা চালাচ্ছে দুর্বৃত্তরা। গত শনিবার রাত থেকে গতকাল রোববার রাত পর্যন্ত পুলিশের তিনটি স্থাপনায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশের কর্মকর্তারা বলছেন, পুলিশের স্থাপনা বা এর আশপাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলে তা বেশি আলোচনায় আসে। অন্য স্থানে একই ঘটনা ঘটলে ততটা আলোচনা হয় না। এ কারণে হামলাকারী ব্যক্তিরা পুলিশের স্থাপনাকে লক্ষ্যবস্তু হিসেবে বেছে নিচ্ছেন।

পুলিশের একটি সূত্র জানায়, গতকাল রাত সাড়ে সাতটার দিকে পল্লবী থানার ফটক এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সব মিলিয়ে গত দুই দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় অন্তত ১৫টি স্থানে ককটেল বিস্ফোরণ হয়েছে। এর আগে গত শনিবার রাতে যাত্রাবাড়ী থানার সামনে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

কয়েকটি ককটেল হামলার ধরন বিশ্লেষণ করে পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, হামলাকারী ব্যক্তিরা মোটরসাইকেলে ঘোরাফেরা করেন। সুবিধাজনক স্থানে পৌঁছে ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যান। পুলিশের স্থাপনাগুলো লক্ষ্য করে উড়ালসড়কের ওপর থেকে ককটেল নিক্ষেপ করা হয়েছে। কর্মকর্তাদের ভাষ্য, উড়ালসড়কে পুলিশ সদস্যদের নিয়মিত টহল থাকে না। এই সুযোগ কাজে লাগাচ্ছেন হামলাকারী ব্যক্তিরা।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) আকতার হোসেন আজ সোমবার প্রথম আলোকে বলেন, ‘ফোকাস’ পেতে পুলিশের স্থাপনাগুলোতে হামলা করা হচ্ছে। হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঢাকায় ধারাবাহিক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনাগুলোর পেছনে নাশকতা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্য রয়েছে বলে মনে করছে ডিএমপি। এসব ঘটনায় জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপির ডিসি আকতার হোসেন গতকাল সাংবাদিকদের বলেন, প্রতিটি ঘটনা পুলিশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তদন্ত করছে। এসব ঘটনার সঙ্গে সম্পৃক্ত কয়েকজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধঘোষিত একটি সংগঠন এবং একটি দলের বিভিন্ন অঙ্গসংগঠনের সদস্য রয়েছেন বলে দাবি করেন তিনি।

পুলিশের একটি সূত্রের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিদেশে পলাতক নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করছেন। দেশে আত্মগোপনে থাকা নেতা-কর্মীরা এসব কর্মসূচির অংশ হিসেবে গাড়িতে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ ছাত্রলীগ আগামীকাল মঙ্গলবার দেশব্যাপী ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করেছে। এ কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার ঘটনা ঘটছে বলে মনে করছে পুলিশ।

দুই দিনে ১৫ স্থানে ককটেল, তিন যানে আগুন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্যানুযায়ী, গত দুই দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় অন্তত ১৫টি স্থানে ককটেল বিস্ফোরণ হয়েছে। এ সময় তিনটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে।

খিলগাঁও থানা সূত্রে জানা গেছে, আজ সকালে বনশ্রীর জে ব্লক এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, বনশ্রী এলাকায় দুর্বৃত্তরা একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় কেউ হতাহত হননি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আজ সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ঢাকার সিএমএম কোর্টের সামনের রোডে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল প্রথম আলোকে বলেন, আটক দুই ব্যক্তি হলেন ফয়সাল ও সুকুমার হালদার। তাঁদের বয়স আনুমানিক ২৫ থেকে ২৭–এর মধ্যে হবে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে। তারপর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পরে ডিএমপির পক্ষ থেকে পাঠানো এক খুদে বার্তায় দাবি করা হয়, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের দুজনকে ককটেল, মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে শনিবার রাত ১০টা থেকে গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত ২০ ঘণ্টার মধ্যে রাজধানীর মিরপুর, মহাখালী ও ভাটারা এলাকায় ৩টি বাসে আগুন দেওয়া হয়।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির একটি সূত্র জানিয়েছে, এভাবে বাসসহ বিভিন্ন যানে আগুনের ঘটনায় তারা উদ্বিগ্ন। এ বিষয়ে ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) চিঠি দিয়েছে তারা। আজ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কার্যালয়ে পরিবহনমালিক ও শ্রমিকসংগঠনের নেতাদের সঙ্গে করণীয় নিয়ে বৈঠকও হয়েছে।

পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলা, গ্রেপ্তার ১২

রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকার গলফ ক্লাবের সামনে ৫ নভেম্বর পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলার ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ ডিএমপির এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

ডিএমপির তথ্য অনুযায়ী, এ ঘটনায় থানা-পুলিশ চারজনকে, গোয়েন্দা পুলিশ (ডিবি) পাঁচজনকে এবং স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) তিনজনকে গ্রেপ্তার করেছে। সব মিলিয়ে গ্রেপ্তারের সংখ্যা ১২।

অন্যদিকে ডিএমপি আজ পৃথক খুদে বার্তায় জানায়, গতকাল রাতে রূপনগর থানা এলাকায় ককটেল বিস্ফোরণের চেষ্টাকালে আশরাফুল নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ককটেল উদ্ধার করার দাবি করেছে পুলিশ। এ ছাড়া গতকাল দিবাগত রাতে তুরাগ থানার ১৮ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে বিপ্লব নামের আরেকজনকে গ্রেপ্তার করে পুলিশ।