
ফেনীতে একটি কারখানা পরিদর্শনের সময় কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট কর্মকর্তাদের ওপর হামলা ও মারধরের ঘটনায় ডেপুটি কমিশনারসহ ছয়জন আহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় ফেনী-কুমিল্লা সড়কের জেলা তথ্য অফিসের বিপরীতে অবস্থিত আমিন ব্রাদার্স অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে।
ঘটনায় জড়িত অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে রাতে ফেনী সদর মডেল থানায় ২ জনের নাম উল্লেখসহ ২২ জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্র জানায়, গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট বিভাগের ডেপুটি কমিশনার মো. বাবুল ইকবালের নেতৃত্বে রাজস্ব কর্মকর্তা মো. শাহনুর আলম, সহকারী রাজস্ব কর্মকর্তা মো. ফজলে আজম, উপপরিদর্শক মো. রুবেল মিয়া, আবুল কাশেম এবং গাড়িচালক মো. সাহাব উদ্দিন কারখানাটি পরিদর্শনে যান। সেখানে তাঁরা নিজেদের পরিচয় দিয়ে ভ্যাটের চালান, দাখিলপত্র ও ক্রয়-বিক্রয়ের রেজিস্ট্রার দেখতে চান।
কিন্তু কারখানার লোকজন কাগজপত্র দেখাতে অস্বীকৃতি জানান। বারবার অনুরোধ করা হলে কারখানার শ্রমিকসহ ১৫-২০ জন জড়ো হয়ে হামলা করেন। এ সময় কর্মকর্তাদের গাড়ির চাকার বাতাস ছেড়ে দেন হামলাকারী ব্যক্তিরা। কর্মকর্তারা ফেনী মডেল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কর্মকর্তাদের উদ্ধার করে। পুলিশ আসার খবরে হামলাকারী ব্যক্তিরা পালিয়ে যান।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনাস্থলে গিয়ে কারখানার মালিক মো. বেলাল হোসেনের ভাই মো. ইমাম হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সহকারী রাজস্ব কর্মকর্তা মো. ফজলে আজম বাদী হয়ে দুই ভাই ইমাম হোসেন ও বেলাল হোসেনের নাম উল্লেখসহ ২০–২২ জনকে আসামি করে মামলা করেন।