উইকানেক্ট ইন্টারন্যাশনালের চার দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত

উইকানেক্ট আয়োজিত সম্মেলনে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর জ্যেষ্ঠ কর্মসূচি ব্যবস্থাপক চার্লস প্রিচার্ড
ছবি: সংগৃহীত

দেশের নারী ব্যবসায়ীদের দক্ষতা এবং আন্তর্জাতিক নেটওয়ার্ক গঠনে ঢাকা ও চট্টগ্রামে উইকানেক্ট ইন্টারন্যাশনালের আয়োজিত চার দিনব্যাপী সম্মেলন শেষ হলো গতকাল বৃহস্পতিবার। এতে নিজ নিজ ক্ষেত্রে সাফল্য পাওয়া দেশের ১০০টির মতো নারী মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠান অংশ নেয়। এসব প্রতিষ্ঠান দেশীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের নেটওয়ার্ক বাড়াতে ৩০টির বেশি বড় করপোরেশনের সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ পেয়েছে। উইকানেক্ট ইন্টারন্যাশনালের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অর্থনৈতিক কর্মকাণ্ডে অন্তর্ভুক্তির মধ্য দিয়ে নারীর ক্ষমতায়নের পথ আরও সুদৃঢ় করার উদ্দেশ্য নিয়েই সম্মেলনের আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর অর্থায়নে পরিচালিত তিন বছরের একটি প্রকল্পের আওতায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ পাঠ করেন সংস্থাটির জ্যেষ্ঠ কর্মসূচি ব্যবস্থাপক চার্লস প্রিচার্ড।

নারীর নেতৃত্বাধীন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে স্থানীয় সংস্থা, বহুজাতিক করপোরেশন, সরকারি সংস্থা, অলাভজনকসহ বৃহৎ ক্রেতাদের সংযোগ তৈরি করা এ প্রকল্পের লক্ষ্য। এর পাশাপাশি ব্যবসা পরিচালনায় আধুনিক বাজারব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে প্রয়োজনীয় দক্ষতা বিকাশই এ প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।

নারীদের মাধ্যমে পরিচালিত ব্যবসায় বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে এই অঞ্চলে সামগ্রিক অর্থনৈতিক সমৃদ্ধি আরও ত্বরান্বিত হবে বলে মনে করেন চার্লস প্রিচার্ড। সম্মেলনে পাঠ করা মূল প্রবন্ধে তিনি বলেন, নারীদের নিয়ে এ ধরনের বিশেষ ফোরাম ও সচেতনতামূলক কর্মসূচি আরও বৃদ্ধির মধ্য দিয়ে মূলত দক্ষিণ এশিয়ায় মার্কিন পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ ও অগ্রাধিকারমূলক দুটি প্রয়াস বাস্তবায়নে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখছে। যার একটি হচ্ছে এই অঞ্চলে একটি চলমান ও টেকসই সাপ্লাই চেইন বা বাজারব্যবস্থা প্রতিষ্ঠা এবং অপরটি হচ্ছে জেন্ডার সমতা নিশ্চিত ও এর মধ্য দিয়ে নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ নিশ্চিত করা।

সম্মেলনে নারী ব্যবসায়ী নেতারা বেশ কিছু সুপারিশ তুলে ধরেন। এর মধ্যে রয়েছে নারীদের মালিকানাধীন ব্যবসা বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য কমপক্ষে দুটি দক্ষতা বৃদ্ধিমূলক কর্মশালা বাস্তবায়ন, নিজেদের উৎপাদিত পণ্য বা সেবাগুলোর জন্য বাজারজাতকরণের কৌশল বা ইউনিক সেলিং প্রস্তাব, টেকসই ও লাভজনক ব্যবসা বিনির্মাণে সহনশীল বাণিজ্যিক কৌশল, বৃহৎ বাণিজ্যিক করপোরেশনের সমন্বয়ে সরবরাহকারীর বৈচিত্র্য নিয়ে একটি গোলটেবিল বৈঠক, জেন্ডার সমতা।

উইকানেক্ট ইন্টারন্যাশনালের চিফ অপারেটিং কর্মকর্তা সারিতা ভেনুম্বাকা এ সম্মেলন সম্পর্কে বলেন, নারী উদ্যোক্তারা বাংলাদেশে প্রবৃদ্ধির সবচেয়ে প্রতিশ্রুতিশীল পরিকাঠামো গঠনে ভূমিকা রাখে। নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের পথকে আরও সুগম করাসহ জেন্ডারভিত্তিক অসমতা দূর করে এই অঞ্চলে অর্থনৈতিক উন্নয়নে সাম্যতা সৃষ্টির পাশাপাশি কেবল নারী উদ্যেক্তারাই অর্থনীতির চাকাকে অদূর ভবিষ্যতে সচল করতে পারবে।

যুক্তরাষ্ট্রের সহায়তায় এ প্রকল্প বাংলাদেশ ছাড়াও ভারত, মালদ্বীপ ও শ্রীলঙ্কায়ও বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৭০০ জনের বেশি নারী উদ্যোক্তা দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি বহুদেশীয় এবং আন্তর্জাতিক করপোরেশনের সঙ্গে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে ব্যবসার প্রসার ঘটানোর সুযোগ পাচ্ছেন।

উইকানেক্ট ইন্টারন্যাশনাল সদস্যভিত্তিক একটি আন্তর্জাতিক অলাভজনক সংস্থা, যা বিশ্বজুড়ে যোগ্য নারী নেতৃত্বাধীন সরবরাহকারীদের সঙ্গে প্রেরণাদায়ক, বৃহৎ করপোরেট, বহুপক্ষীয় এবং সরকারি ক্রেতাদের নিয়ে আসে। এটি ১৭০টির বেশি বহুজাতিক ক্রয় সংস্থার সঙ্গে কাজ করে।