‘কবিতা ও গানে স্বাধীনতা’ শিরোনামে আয়োজিত এই উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা
‘কবিতা ও গানে স্বাধীনতা’ শিরোনামে আয়োজিত এই উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা

গান ও কবিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের স্বাধীনতা দিবস উদ্‌যাপন

গান, কবিতা ও নানা সৃজনশীল পরিবেশনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সঞ্জীব চত্বরে এ আয়োজন অনুষ্ঠিত হয়। ‘কবিতা ও গানে স্বাধীনতা’ শিরোনামে আয়োজিত এ উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

আয়োজকেরা জানান, দিবসটির গুরুত্ব ও তাৎপর্য সামনে রেখে গান, কবিতা ও সংস্কৃতির সমন্বয়ে ভিন্নধর্মী একটি আয়োজনের লক্ষ্যেই তাঁদের এ উদ্যোগ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক কর্মসূচি থাকলেও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উন্মুক্ত সাংস্কৃতিক আয়োজনের ঘাটতি অনুভব করেই তাঁরা এ আয়োজন করেছেন।

অনুষ্ঠানে স্বাধীনতার চেতনা ও বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার উদ্দেশ্যে সবার জন্য অংশগ্রহণ উন্মুক্ত রাখা হয়। অংশগ্রহণকারীরা গান পরিবেশন, কবিতা আবৃত্তি, চিঠিপাঠসহ নানা পরিবেশনার মাধ্যমে শ্রদ্ধার সঙ্গে দিবসটি স্মরণ করেন।

আয়োজকদের একজন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মুবাশ্বির মাহমুদ বলেন, ‘আজ মহান স্বাধীনতা দিবস। আমরা কয়েকজন বন্ধু ক্যাম্পাসে এসে খোঁজ নিয়ে দেখলাম, দিনটি উদ্‌যাপনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রসংগঠনগুলোর উল্লেখযোগ্য কোনো আয়োজন নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক কিছু কর্মসূচি অবশ্যই আছে, যা প্রতিবছরই হয়। তবে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করার মতো উন্মুক্ত কোনো আয়োজন চোখে পড়েনি।’

মুবাশ্বির আরও বলেন, ‘এটা দেখে আমরা বন্ধুরা মিলে সিদ্ধান্ত নিই, পরদিন নিজেরাই একটি আয়োজন করব। পরে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র-জুনিয়রদের সমর্থন পাওয়ায় সেটি বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।’

পুরান ঢাকার বাসিন্দা শাহিন ইসলাম নামের এক তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরতে এসে এ আয়োজন উপভোগ করেন। আয়োজন সম্পর্কে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি ঘুরতে এসে এমন একটি আয়োজন দেখতে পাব, তা ভাবিনি। গান ও কবিতার মাধ্যমে স্বাধীনতা দিবস উদ্‌যাপন সত্যিই অন্য রকম অভিজ্ঞতা।’

স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ‘জাতীয় বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতা’ শিরোনামে অনলাইনভিত্তিক একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে।

এ বিষয়ে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার লক্ষ্যেই প্রতিযোগিতাটি অনলাইনে আয়োজন করা হয়েছে।

ডাকসুর এই নেত্রী আরও বলেন, স্বাধীনতা দিবস কেন্দ্র করে ডাকসুর পক্ষ থেকে শুধু বিতর্ক প্রতিযোগিতাই নয়, সাংস্কৃতিক প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। এর মধ্যে গান ও কবিতা রয়েছে। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় এসব কর্মসূচিও অনলাইনে আয়োজন করা হচ্ছে।