প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়ায় আরও সংশোধনী আনার ওপর গুরুত্ব দিয়েছেন গণমাধ্যম-সংশ্লিষ্ট শীর্ষস্থানীয় ব্যক্তিরা। অপপ্রয়োগের আশঙ্কা করে তাঁরা আইনটি সংশোধনের ক্ষেত্রে গণমাধ্যমের জন্য সুরক্ষার দাবি করেছেন। গণমাধ্যমের ক্ষেত্রে এ বিষয়গুলো দেখার জন্য তাঁরা গণমাধ্যম কমিশন করে সেই কমিশনের মাধ্যমে বিষয়টি সুরাহার দাবি করেছেন।
এ বিষয়ে দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, ‘আমি মনে করি, সংশোধনী ছাড়া যদি এ আইন পাস হয়, তাহলে বাংলাদেশ বৃহৎ কারাগারে পরিণত হবে।’
বহুল আলোচিত-সমালোচিত ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া পর্যালোচনায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অংশীজনদের সঙ্গে আজ সোমবার সচিবালয়ে সরকারের উদ্যোগে দ্বিতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এক ব্রিফিংয়ে মতিউর রহমান চৌধুরী এ কথা বলেন।
ব্রিফিংয়ে আরও বক্তব্য দেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) মহাসচিব ও একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম এবং জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ।
এর আগে বিষয়টি নিয়ে সরকারের অবস্থান সাংবাদিকদের সামনে তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সভায় সরকারের একাধিক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব এবং গণমাধ্যম-সংশ্লিষ্ট শীর্ষস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।