মোহন রায়হান
মোহন রায়হান

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার

কথা থাকলেও আজ পুরস্কার দেওয়া হয়নি মোহন রায়হানকে

দ্বিতীয় দফায় সময় নির্ধারণ করা হলেও এখনো পুরস্কার দেওয়া হয়নি জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হানকে। আজ সোমবার তাঁকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ তুলে দেওয়ার কথা ছিল। গত শনিবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় নতুন করে পুরস্কার দেওয়ার এ সময় জানিয়েছিলেন।

আজ সোমবার রাত আটটার দিকে এ বিষয়ে কবি মোহন রায়হানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমাকে তো তারা (সরকার) এখনো ফরমালি (আনুষ্ঠানিকভাবে) কিছু জানায় নাই। আমি গতকাল সংবাদ সম্মেলনে তিনটা শর্তের কথা বলছি, এগুলো মানলে আমি প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেব।’ তবে পুরস্কারের অর্থ গ্রহণ করবেন না বলেও উল্লেখ করেছেন এই কবি।

এ বছর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫-এর জন্য মনোনীত হয়েছিলেন মোহন রায়হানসহ ৯ জন। গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে মনোনীত অন্যদের এ পুরস্কার তুলে দেওয়া হলেও মোহন রায়হানকে দেওয়া হয়নি। নতুন সরকারের সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী তখন এ প্রসঙ্গে বলেছিলেন, মোহন রায়হানের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে। এসব বিষয় খতিয়ে দেখে আবার পুরস্কার ঘোষণা করা হবে।

এ নিয়ে সমালোচনার মধ্যে গত শনিবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, মোহন রায়হানকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ২ মার্চ (আজ সোমবার) তাঁর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে।

তবে আজকে পুরস্কার না দেওয়া বিষয়ে জানতে সংস্কৃতিমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি।

এদিকে পুরস্কারের অর্থ ব্যক্তিগতভাবে গ্রহণ না করার ঘোষণা দিয়েছেন মোহন রায়হান। কোনো সামর্থ্যহীন কবি, লেখক বা সংস্কৃতিকর্মীর কল্যাণে এই অর্থ প্রদান করার আহ্বান জানান তিনি।

পুরস্কার প্রদানের নীতিমালা সংস্কারের দাবি জানান মোহন রায়হান। তিনি বলেন, স্বচ্ছ, দলনিরপেক্ষ, বিশেষজ্ঞনির্ভর ও সর্বজনগ্রাহ্য প্রক্রিয়া প্রবর্তন করা হোক, যাতে ভবিষ্যতে কোনো পুরস্কার নিয়ে বিতর্ক বা স্থগিতের পরিস্থিতি সৃষ্টি না হয়।