কক্সবাজার বিমানবন্দর
কক্সবাজার বিমানবন্দর

নভেম্বরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের প্রস্তুতি: বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী

আগামী নভেম্বরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি মনে করেন, কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র (ট্যুরিজম হাব) হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বিমানবন্দরটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আজ সোমবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে নবনির্মিত কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালুর বিষয়ে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, নবনির্মিত এই বিমানবন্দরের মাধ্যমে দেশি-বিদেশি পর্যটকেরা সরাসরি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কক্সবাজার ভ্রমণে আসতে পারবেন।

মন্ত্রী আরও বলেন, কক্সবাজার ও চীনের কুনমিংয়ের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালু করা চায়না সাউদার্ন এয়ারলাইনস ও চায়না ইস্টার্ন এয়ারলাইনসের জন্য একটি সম্ভাবনাময় উদ্যোগ হতে পারে। এ ছাড়া এয়ারএশিয়া পেনাংয়ের সঙ্গে কক্সবাজারের সরাসরি ফ্লাইট শুরু করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ সময় ফ্লাইদুবাই এয়ারলাইনসের কক্সবাজার-ব্যাংকক-দুবাই ফ্লাইট চালুর আগ্রহকে স্বাগত জানান মন্ত্রী। নতুন ফ্লাইট চালুর ক্ষেত্রে এয়ারলাইনসগুলোকে আর্থিক প্রণোদনা বা সুবিধা দেওয়ার বিষয়টিও সরকারের বিবেচনাধীন রয়েছে বলে জানান তিনি।

তথ্য বিবরণীতে বলা হয়, মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতারের সভাপতিত্বে আয়োজিত এ সভায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদসহ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।