বাসের ধাক্কায় মৃত্যু

ক্ষতিগ্রস্তকে এক কোটি টাকা দিতে হবে বাসচালক ও মালিককে

আদালত
প্রতীকী ছবি

ছয় বছর আগে রাজধানীতে বাসচাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বাসমালিক ও চালককে নির্দেশ দিয়েছেন আদালত। রায় প্রকাশের ৬০ দিনের মধ্যে এই টাকা পরিশোধ করতে বলা হয়েছে। ঢাকার জেলা ও দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া আজ বুধবার এ আদেশ দেন।

প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর বিমল সমাদ্দার।

রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ার সড়কে ২০১৬ সালের ১৩ সেপ্টেম্বর মোটরসাইকেল আরোহী পিন্টু শেখকে ধাক্কা দেয় সুপ্রভাত পরিবহনের একটি বাস। পরে গুরুতর আহত পিন্টু শেখকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় ২০১৭ সালে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে বাসচালক সোহাগ মিয়া ও বাসের মালিক নুরুল ইসলামকে বিবাদী করে ঢাকার ক্লেইমস ট্রাইব্যুনাল ও ঢাকার জেলা ও দায়রা দায়রা জজ আদালতে মামলা করা হয়। সেই মামলায় সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ, বাদী ও বিবাদীপক্ষের যুক্তিতর্ক শুনানি নিয়ে আজ এ রায় দেন।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর বিমল সমাদ্দার প্রথম আলোকে বলেন, মোটরসাইকেল আরোহী পিন্টু শেখের মৃত্যুর জন্য বাসমালিক ও চালককে দায়ী করে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। রায় প্রকাশের ৬০ দিনের মধ্যে টাকা পরিশোধ করতে বলা হয়েছে। মোটরযান অধ্যাদেশের বিধান অনুযায়ী আদালত ভুক্তভোগীর পরিবারের সদস্যদের এই ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। রায়ের তথ্য বলছে, পিন্টু শেখের স্ত্রী মৌসুমী আক্তার ও কন্যা মানহা আক্তার। তাঁরাই পিন্টু শেখের বৈধ উত্তরাধিকার বলে রায়ে উল্লেখ করা হয়েছে।