অধস্তন আদালতের অবকাশকালীন দেওয়ানি ছুটি টানা এক মাসের পরিবর্তে দুই দফায় ১ থেকে ১৫ জুন এবং ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত হবে। চলতি বছর (২০২৬ সাল) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। ফুল কোর্ট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সোমবার বিকেল চারটায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ‘ফুলকোর্ট সভা’ অনুষ্ঠিত হয়। ওই সভায় অধস্তন আদালতের অবকাশকালীন দেওয়ানি ছুটি টানা এক মাসের পরিবর্তে দুই দফায় ১ থেকে ১৫ জুন এবং ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। চলতি বছর (২০২৬ সাল) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
সভায় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে উপস্থিত সব বিচারপতিকে অবহিত করেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান বিচারপতি সভায় উপস্থিত বিচারপতিদের জানান, ১৩ জন বিচার বিভাগীয় কর্মকর্তা এবং প্রয়োজনীয় সংখ্যক কর্মচারী পদায়নের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম চলমান আছে। এ ছাড়া সচিবালয়ের কার্যক্রম পরিচালনার জন্য অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে বলে জানানো হয়।
আর নির্মাণকাজ শেষ হওয়ার পর সুপ্রিম কোর্টের রেকর্ড ভবনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম পরিচালনা করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।