
নির্বাচনী খেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে যাতে ব্যবহার করা না হয়, সে জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। তারা বলছে, স্বাধীন বাংলাদেশেও বছরের পর বছর ধরে বঞ্চনা, বৈষম্য, নিগ্রহ ও নিপীড়নের শিকার হয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকেই দেশত্যাগে বাধ্য হয়েছেন। রাষ্ট্র, রাজনীতি দেশের সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনা থেকে অনেক দূরে ছিটকে পড়েছে।
সোমবার বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আয়োজিত সংহতি সভায় এসব বিষয় উঠে এসেছে। সভায় পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র এক বছর বাকি। কিন্তু একাদশ সংসদ নির্বাচনের আগে সংখ্যালঘুদের অধিকার বাস্তবায়নে আওয়ামী লীগের পক্ষ থেকে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়িত না হওয়ায় ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুরা হতাশ। প্রতিশ্রুতি পূরণে আগামী ৬ জানুয়ারি সারা দেশ থেকে ঢাকার উদ্দেশে রোড মার্চ এবং ৭ জানুয়ারি রাজধানীর শাহবাগ চত্বরে জমায়েত এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হবে।
এই কর্মসূচি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃত্বাধীন সংখ্যালঘু ঐক্য মোর্চার ব্যানারে করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়। সভায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি নির্মল রোজারিও বলেন, অধিকার আদায়ে মাঠের কর্মসূচির পাশাপাশি সংলাপ ও আলোচনা চালিয়ে যাবেন তাঁরা।
সভায় অন্য বক্তারা বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের দেওয়া নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার রক্ষার অঙ্গীকারগুলো বাস্তবায়িত না হলে সংখ্যালঘু জনগোষ্ঠী রাজনৈতিক প্রতারণার শিকার হয়েছে বলে মনে করবে; যা আগামী দ্বাদশ সংসদীয় নির্বাচনে নেতিবাচক প্রতিফলন ঘটাতে পারে। এর দায় সংখ্যালঘুরা কোনোভাবেই বহন করবেন না।
সভায় সংখ্যালঘুদের অধিকার রক্ষার দাবিগুলো নিয়ে প্রগতিশীল বিভিন্ন দলের সঙ্গে মতবিনিময় করার পরামর্শ দেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া।
সভায় জানানো হয়, নাট্যজন রামেন্দু মজুমদার, কবি নির্মলেন্দু গুণ, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান, অধ্যাপক সুকান্ত দাশ ও শিল্পী কুমার বিশ্বজিৎ সংখ্যালঘু ঐক্য মোর্চার কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।
পরিষদের অন্যতম সভাপতি নিমচন্দ্র ভৌমিকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, মহিলা ঐক্য পরিষদের নেত্রী সুপ্রিয়া ভট্টাচার্য প্রমুখ।