আইডিয়া প্রকল্প

প্রথম ধাপে সরকারি সংস্থার নারী উদ্যোক্তাদের অনুদান না পাওয়া নিয়ে প্রশ্ন

আইডিয়া প্রকল্প নারী উদ্যোক্তাদের এককালীন অনুদান দেওয়ার উদ্যোগ নিয়েছে
ছবি: ফেসবুক থেকে নেওয়া

সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন পরিচালিত স্বায়ত্তশাসিত সংস্থা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) আইডিয়া প্রকল্প নারী উদ্যোক্তাদের এককালীন অনুদান দেওয়ার উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগের অংশ হিসেবে প্রথম ধাপে সম্প্রতি ২৫০ জন নারী উদ্যোক্তা এককালীন অনুদান পেয়েছেন। তাঁরা সবাই অনলাইনভিত্তিক বেসরকারি নারী উদ্যোক্তা। প্রথম ধাপে সরকারি সংস্থার কোনো নারী উদ্যোক্তা অনুদান না পাওয়ায় এ নিয়ে প্রশ্ন উঠেছে। তবে প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, যাঁরা সরকারি সহায়তা সচরাচর পান না, অনুদানের ক্ষেত্রে তাঁদের প্রাধান্য দেওয়া হচ্ছে।

বিসিসির অধীন উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্প স্টার্টআপদের অনুদান দিয়ে থাকে। এবার তারা ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানের (এসএমই) উদ্যোক্তা, বিশেষ করে নারী উদ্যোক্তাদের এককালীন অনুদান দেওয়ার উদ্যোগ নিয়েছে। ২ হাজার নারী উদ্যোক্তাকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। অনুদানের লক্ষ্য—নারী উদ্যোক্তাদের উন্নয়ন, উৎসাহ প্রদান ও ব্যবসা ত্বরান্বিত করা।

উদ্যোগের আওতায় প্রথম ধাপে ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে ২৫০ জন নারী উদ্যোক্তাকে অনুদান দেওয়া হয়।

প্রথম ধাপে যে নারী উদ্যোক্তারা অনুদান পেয়েছেন, তাঁদের মধ্যে ১৮৮ জন উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের (উই)। ৩১ জন আনন্দমেলার। ২০ জন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব)। ১১ জন নারী উদ্যোক্তা ফাউন্ডেশনের (ওয়েব)।

আইডিয়া প্রকল্পের এ অনুদানের জন্য একটি সিলেকশন কমিটি গঠন করা হয়। কমিটিতে আইডিয়া প্রকল্পের পরিচালকের পাশাপাশি ই-ক্যাব ও উইয়ের সভাপতি আছেন। আছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক), বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও অ্যাসপায়া টু ইনোভেট থেকে একজন করে প্রতিনিধি।

প্রথম ধাপে ২৫০ জনের চূড়ান্ত তালিকায় সরকারি কোনো সংস্থার উদ্যোক্তার নাম না থাকার বিষয়টি কমিটির বৈঠকে আলোচিত হয়। বৈঠকে বলা হয়, বেশ কিছু সরকারি প্রতিষ্ঠান অনেক বছর ধরে উদ্যোক্তা তৈরি করে আসছে। এসব প্রতিষ্ঠানের উদ্যোক্তাদেরও এ অনুদানের জন্য বিবেচনা করা উচিত।

কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলো অনেক আগে থেকেই বিভিন্নভাবে উদ্যোক্তা তৈরি করে আসছে। তাহলে কেন এ প্রতিষ্ঠানগুলোর উদ্যোক্তারা অনুদান পাবেন না? সরকারি প্রতিষ্ঠানের উদ্যোক্তাদের অবশ্যই অনুদান দেওয়া উচিত। পরবর্তী সময়ে যেন সরকারি প্রতিষ্ঠানের উদ্যোক্তারা অনুদান পান, সেটা কমিটির বৈঠকে বলা হয়েছে। কারণ, এসব সংস্থার অনেক উদ্যোক্তা আছেন। এখন দেখা যাক, পরবর্তী ধাপে কী হয়।

যেসব সরকারি প্রতিষ্ঠান উদ্যোক্তা তৈরি করে, তাদের বেশির ভাগকে অনুদান দেওয়ার বিষয়টি জানানো হয়নি বলে অভিযোগ আছে।

নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে ২০১১ সালে জয়িতা ফাউন্ডেশন যাত্রা শুরু করে। আইডিয়া প্রকল্পের অনুদান বিষয়ে জয়িতা জানিয়েছে, তাদের এ বিষয়ে কিছু জানানো হয়নি।

পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়া ও বিসিক নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করে। সংস্থা দুটিতে খোঁজ নিয়ে জানা যায়, অনুদানের বিষয়ে তাদেরও কিছু বলা হয়নি।
নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করে এসএমই ফাউন্ডেশন। সরকারের শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন এ সংস্থার উন্নয়ন, ক্লাস্টার উন্নয়ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক মহাব্যবস্থাপক ফারজানা খান বলেন, আইডিয়া প্রকল্প থেকে নারী উদ্যোক্তাদের অনুদান দেওয়ার জন্য তাঁদের কাছে তালিকা চাওয়া হয়েছিল। তাঁরা ৩০ জনের একটি তালিকা দেন। কিন্তু পরে আর কিছু জানানো হয়নি।

সিলেকশন কমিটির আহ্বায়ক আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব (আইন ও পলিসি অনুবিভাগ) রণজিৎ কুমার প্রথম আলোকে বলেন, অনুদানের জন্য আইডিয়া প্রকল্প থেকে আবেদন চাওয়া হয়। যেকোনো নারী উদ্যোক্তাই যোগ্যতা অনুযায়ী অনুদান পাবেন। তবে সরকারি সংস্থার উদ্যোক্তাদের এবার অনুদান না পাওয়ার বিষয়ে প্রকল্প কর্তৃপক্ষ বিস্তারিত বলতে পারবে।

অনুদানের মাপকাঠি প্রসঙ্গে সিলেকশন কমিটির সদস্য ও ই-ক্যাব সভাপতি শমী কায়সার প্রথম আলোকে বলেন, যাঁরা কোনোভাবেই ব্যবসা দাঁড় করাতে পারছেন না, তাঁদের অনুদান দেওয়া হয়েছে। ৫০ হাজার টাকা দিয়ে আসলে ব্যবসা বড় করতে পারবেন না। তবে ওয়েবসাইট তৈরি বা কাঁচামাল কেনার ক্ষেত্রে তা সহায়তা করবে। যাঁদের আসলে খুব বেশি সহায়তা দরকার, তাঁদেরই দেওয়া হয়েছে। বিভিন্ন পর্যায়ে অনুদান দেওয়া হবে।

সরকারি প্রতিষ্ঠানের উদ্যোক্তাদের অনুদান না পাওয়া প্রসঙ্গে শমী কায়সার বলেন, এ ধাপে মূলত ফোকাস ছিল ই-ক্যাব, উই, ওয়েব ও আনন্দমেলায় যেসব নারী উদ্যোক্তারা যুক্ত, তাঁদের প্রতি। পরের ধাপে হয়তো বিবেচনা করা হতে পারে।

অনুদান বিষয়ে আইডিয়া প্রকল্পের পরিচালক আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, কিছু ক্যাটাগরি বিবেচনায় নিয়েই এ অনুদান দেওয়া হচ্ছে। সারা দেশের সব উদ্যোক্তাকে দেওয়া সম্ভব হবে না।

আলতাফ হোসেন আরও বলেন, সরকারি উদ্যোক্তারা সরকারি সুবিধার আনুকূল্যেই থাকেন। কিন্তু বেসরকারি উদ্যোক্তারা সচরাচর সহায়তা পান না। তাঁদের কারও না কারও সহায়তা করতে হবে। তবে কিছু সরকারি প্রতিষ্ঠানের উদ্যোক্তারা অনুদান পাবেন বলে উল্লেখ করেন তিনি।