সরেজমিন চাঁদপুর—৩

হাসপাতাল বেসামাল রোগীর চাপে, রাজত্ব মশার

২৫০ শয্যার চাঁদপুর জেনারেল হাসপাতালের চতুর্থ তলার একটি ইউনিটে চলছে চাঁদপুর মেডিকেল কলেজের কার্যক্রম।

২১ দিনের শিশুসন্তান নিয়ে হাসপাতালের বারান্দায় মা রাবেয়া খাতুন। সম্প্রতি চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে
প্রথম আলো

জন্মের সময় পায়ে আঘাত পায় শিশুটি। মা রাবেয়া খাতুন তাকে নিয়ে যান হাসপাতালে। কিন্তু শয্যা খালি নেই। ২১ দিনের শিশুটিকে নিয়ে ৩ দিন হাসপাতালের বারান্দায় ছিলেন রাবেয়া।

শয্যার এমন সংকট চাঁদপুর জেনারেল হাসপাতালে। ২৫০ শয্যার এই হাসপাতালে শিশুদের জন্য বরাদ্দ ৩০টি শয্যা। কিন্তু নিয়মিত ভর্তি থাকে ১২০ থেকে ১৩০ শিশু। তাই ভর্তি হওয়া দুই-তৃতীয়াংশ শিশুকে এভাবে মেঝেতে থাকতে হয়।

শুধু শিশু ওয়ার্ডেই নয়, রোগীর চাপের এমন চিত্র প্রতিটি ওয়ার্ডেই। হাসপাতালটিতে গত ৭ অক্টোবর শুক্রবার রোগী ভর্তি ছিলেন ৩৯৬ জন।

হাসপাতাল ঘুরে দেখা গেছে, মেঝে অপরিষ্কার। পয়োনিষ্কাশনব্যবস্থা একেবারেই নাজুক। বর্জ্য পড়ে আছে যত্রতত্র। চতুর্থ তলার নারী ওয়ার্ডের শৌচাগারগুলোর বেশির ভাগের দরজা নেই। প্রায় সব ওয়ার্ডেই মশা ও তেলাপোকার রাজত্ব।

সরকারের উচিত, দ্রুত চাঁদপুর মেডিকেল কলেজের অবকাঠামো নির্মাণের ব্যবস্থা করা। একই সঙ্গে হাসপাতালের রোগীদের ভোগান্তি দূর করা।
রশিদ-ই-মাহবুব, সাবেক সভাপতি, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন

শিশু ওয়ার্ডে ভর্তি আরাফের মা পারভীন আক্তারের অভিযোগ, শয্যা কম থাকায় মেঝেতে থেকে চিকিৎসা নিতে হচ্ছে। অনেক স্থানে বৈদ্যুতিক পাখা চলে না। শৌচাগারে যেতে হয় নাক চেপে।

জানতে চাইলে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আউটডোরে প্রতিদিন গড়ে প্রায় এক হাজার রোগীর চিকিৎসা ও ওষুধ দেওয়া হচ্ছে। ইনডোরে প্রতিদিন গড়ে ৩৮০ থেকে ৩৯০ জন রোগী ভর্তি থাকছে। সব মিলিয়ে হাসপাতালে রোগীর প্রচুর চাপ। এতে কিছুটা সমস্যা হচ্ছে। তবে আমরা চিকিৎস্যা দেওয়ার চেষ্টা করছি।’

জায়গা, চিকিৎসক ও জনবলের সংকট

হাসপাতাল সূত্রে জানা গেছে, মাত্র ২ একর জায়গায় ৫০ শয্যার হাসপাতালকে পর্যায়ক্রমে ২৫০ শয্যায় উন্নীত করা হলেও অবকাঠামো তেমন বাড়েনি।

চিকিৎসকেরা জানান, করোনা মোকাবিলায় বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড পেনডামিক প্রিপেয়ার্ডনেস (ইআরপিপি) প্রকল্পের আওতায় ২০ শয্যার আইসোলেশন ইউনিট, ১০ শয্যার আইসিইউ ইউনিট ও ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট প্রতিষ্ঠা করার কথা ছিল। কিন্তু হাসপাতালে ভবন–সংকটের কারণে তা করা যায়নি। তবে চক্ষু অপারেশন থিয়েটারে চার শয্যার আইসিইউ ইউনিট প্রতিষ্ঠা করা হয়েছে।

হাসপাতালের দুজন কর্মকর্তা জানান, বহির্বিভাগে কক্ষসংকট প্রবল। অনেক চিকিৎসকেরই বসার কক্ষ নেই। এ ছাড়া হাসপাতালটিতে সুনির্দিষ্ট স্টোর না থাকায় কয়েকটি কক্ষকে স্টোর হিসেবে ব্যবহার করা হচ্ছে। এসব কক্ষে ওষুধ, গজ-ব্যান্ডেজ, লিনেনসামগ্রী ও আসবাব ঠিকভাবে রাখার জায়গা হচ্ছে না।

সদর উপজেলার ইসলামপুরে ডাকাতিয়া নদীর পাড়ে মেডিকেল কলেজ হাসপাতালের জন্য ৩২ একর জমি নির্ধারণ করা হয়েছে। কিন্তু পরিবেশ অধিদপ্তর ওই জায়গায় লাল শ্রেণিভুক্ত হিসেবে চিহ্নিত করায় প্রকল্পটির কাজ থেমে আছে।
জামাল সালেহ উদ্দিন, চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ

হাসপাতাল সূত্রের তথ্য অনুযায়ী, হাসপাতালে ৪৪ জন মঞ্জুরিকৃত চিকিৎসকের মধ্যে পদশূন্য ১৩ জনের। এর মধ্যে গাইনি, চক্ষু, কার্ডিওলজি, ইএনটি, অ্যানেসথেসিয়ার সিনিয়র কনসালট্যান্ট নেই। জুনিয়র কনসালট্যান্ট নেই রেডিওলজি, চক্ষু ও প্যাথলজি বিভাগে।

তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমান বলেন, জনবল অনুমোদিত না হওয়া সত্ত্বেও চার শয্যার আইসিইউ ও আট শয্যার স্ক্যান সেবা চালু করা হয়েছে। খুব শিগগির ‘ওয়ান–স্টপ ইমার্জেন্সি কেয়ার’ চালু করা হবে। এ জন্য প্রতি বিভাগে মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ নার্সসহ বিভিন্ন পদে ৭৯ জনবলের প্রয়োজন। ইউনিটগুলো সচল রাখতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চাহিদাপত্র পাঠানো হয়েছে।

মেডিকেল কলেজের ক্লাসও এখানে

২০১৮ সালে চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অনুমোদন দেয় সরকার। নিজস্ব ক্যাম্পাস না থাকায় অস্থায়ী হিসেবে চাঁদপুর জেনারেল হাসপাতালের চতুর্থ তলার একটি ইউনিটে কলেজের কার্যক্রম শুরু হয়। হাসপাতালের কয়েকটি কক্ষে অধ্যক্ষের কার্যালয়, অফিস ও শ্রেণিকক্ষ বানানো হয়। চার বছর ধরে এভাবেই মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম চলছে। এতে চাঁদপুর জেনারেল হাসপাতালে জায়গার সংকট আরও প্রকট হয়েছে।

চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ জামাল সালেহ উদ্দিন প্রথম আলোকে বলেন, সদর উপজেলার ইসলামপুরে ডাকাতিয়া নদীর পাড়ে মেডিকেল কলেজ হাসপাতালের জন্য ৩২ একর জমি নির্ধারণ করা হয়েছে। কিন্তু পরিবেশ অধিদপ্তর ওই জায়গায় লাল শ্রেণিভুক্ত হিসেবে চিহ্নিত করায় প্রকল্পটির কাজ থেমে আছে।

চাঁদপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী নীলিমা শামস্ ও ইফফাত ইলিনা ফারজা বলেন, তাঁরা মাত্র দুটি শ্রেণিকক্ষে ক্লাস করছেন। শ্রেণিকক্ষ–সংকটের জন্য অনেক সময় তাঁদের বারান্দায় দাঁড়িয়ে থাকতে হয়। পরীক্ষার সময় ক্লাস বন্ধ থাকে। নিজস্ব আবাসন ও পরিবহন ব্যবস্থা নেই। শিক্ষক–সংকটও প্রকট।

দৃষ্টি আকর্ষণ করা হলে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি রশিদ–ই–মাহবুব প্রথম আলোকে বলেন, ভৌত অবকাঠামো ও জনবল নিয়োগের আগেই এখন ঘটা করে মেডিকেল কলেজ চালু করে দেওয়া হচ্ছে। এটি দেশের স্বাস্থ্য ব্যবস্থাপনার জন্য ভালো সিদ্ধান্ত নয়। সরকারের উচিত, দ্রুত চাঁদপুর মেডিকেল কলেজের অবকাঠামো নির্মাণের ব্যবস্থা করা। একই সঙ্গে হাসপাতালের রোগীদের ভোগান্তি দূর করা। (শেষ)