চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী নিয়োগ নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না। নিয়োগে অর্থ লেনদেনসংক্রান্ত অডিও ফাঁস হওয়ার পর ২০২২ সালের ৭ জুলাই মামলা করার সিদ্ধান্ত দিয়েছিল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। তবে জরুরি ভিত্তিতে করতে বলার পরও গত দেড় বছরে এ–সংক্রান্ত কোনো মামলা করেনি প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির একাধিক নেতার দাবি, আর্থিক লেনদেনে জড়িত ব্যক্তিদের মধ্যে প্রশাসনের ঘনিষ্ঠজনদের নাম আসার আশঙ্কার কারণেই মামলা হচ্ছে না।
গত বছর ফেব্রুয়ারিতে সামাজিক যোগাযোগমধ্যম ফেসবুকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের আর্থিক লেনদেন বিষয়ে পাঁচটি অডিও ফাঁস হয়। এসব ফোনালাপ ছিল উপাচার্যের তৎকালীন ব্যক্তিগত সহকারী খালেদ মিছবাহুল ও কর্মচারী আহমেদ হোসেনের সঙ্গে দুজন চাকরিপ্রার্থীর। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমে এসব অডিও নিয়ে প্রতিবেদন ছাপা হলে ওই বছরের ৩ মার্চ তদন্ত কমিটি গঠন করে কর্তৃপক্ষ।
এর চার মাস পর ২০২২ সালের ৬ জুলাই প্রতিবেদন জমা দেয় কমিটি। পরদিন ৭ জুলাই সিন্ডিকেট সভায় এসব প্রতিবেদনের সুপারিশ অনুমোদন হয়। ওই দিন ‘নিয়োগ–বাণিজ্যে’ জড়িত চক্রকে খুঁজে বের করতে ফৌজদারি আইনে মামলা করার সিদ্ধান্তের কথা জানায় সিন্ডিকেট। এতে উপাচার্যের সাবেক ব্যক্তিগত সহকারী খালেদ মিছবাহুল, কর্মচারী আহমেদ হোসেনসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করতে বলা বলা হয়। তবে এ সিদ্ধান্ত কাগজেই রয়ে গেছে।
‘নিয়োগ–বাণিজ্য’ নিয়ে গঠিত কমিটির সদস্য ছিলেন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক কাজী এস এস খসরুল আলম কুদ্দুসী। তদন্ত ও সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তাঁদের তদন্তে কিছু সীমাবদ্ধতা ছিল। চাইলেও পুলিশের মতো তদন্ত করতে পারেননি।
তাই মামলা করতে বলা হয়েছিল। আর পরবর্তী নিয়োগগুলো যেন আরও স্বচ্ছ হয়, সে জন্য কিছু সুপারিশও করা হয়েছিল। সে সময় সিন্ডিকেট সভায় এসব সুপারিশ সর্বসম্মতিক্রমে অনুমোদনও হয়েছিল। তবে প্রশাসন এসব সুপারিশ বাস্তবায়ন করেনি। মামলা না করার পেছনে প্রশাসনের কোনো ভয় কাজ করতে পারে বলে তিনি মন্তব্য করেন।
দেড় বছরেও মামলা না করার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ প্রথম আলোকে বলেন, শাস্তি কার্যকরের জন্য গত বছরের ৭ জুলাই দ্বিতীয় আরেকটি কমিটি করেছিল সিন্ডিকেট। ওই কমিটি প্রতিবেদন না দেওয়ায় মামলা করতে দেরি হচ্ছে। এ ছাড়া এখন মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। উপাচার্যের নির্দেশ পেলেই মামলা করা হবে।
উপাচার্য শিরীণ আখতার প্রথম আলোকে বলেন, মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। মামলা করতে ইতিমধ্যে একজন আইন উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
তবে শাস্তি কার্যকর কমিটির আহ্বায়ক সিরাজ উদ দৌল্লাহ বলেন, তাঁরা পাঁচ মাস আগেই প্রতিবেদন দিয়েছেন। এ কমিটির সঙ্গে মামলার কোনো সম্পর্ক নেই। মামলা মানেই শাস্তি নয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদিচ্ছা থাকলেই মামলা করতে পারত।
গত বছরের ফেব্রুয়ারিতে উপাচার্যের সহকারীর ফোনালাপ ফাঁসের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়োগের অনুমোদন আটকে দিয়েছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ৫ জুন এক চিঠিতে কমিশন জানায়, ফোনালাপ ফাঁসের এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার পর বিশ্ববিদ্যালয়ে জনবল নিয়োগের বিষয়ে ছাড়পত্র দেওয়া হবে। এরপর ১৭ আগস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইউজিসিতে প্রতিবেদনটি পাঠায় কর্তৃপক্ষ। ওই চিঠিতে তদন্তের সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছিল।
জানতে চাইলে ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের দায়িত্বে থাকা অধ্যাপক হাসিনা খান প্রথম আলোকে বলেন, সিন্ডিকেট সিদ্ধান্তের আলোকে মামলা করা হয়নি—এ বিষয়টি তাঁকে কেউ জানাননি। জানলে সে অনুযায়ী প্রশাসন থেকে ব্যাখ্যা চাইবেন।
তবে প্রশাসনে ঘনিষ্ঠ ব্যক্তিদের নাম চলে আসার ভয়ে মামলা করা হচ্ছে না বলে মন্তব্য করেছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল হক। তিনি বলেন, সিন্ডিকেটের সিদ্ধান্ত থাকা ও শিক্ষক সমিতির পক্ষ থেকে বারবার দাবি জানানোর পরও প্রশাসন নিয়োগ–বাণিজ্য চক্র খুঁজে বের করতে মামলা করছে না। এর পেছনে অসৎ উদ্দেশ্য রয়েছে। প্রশাসনের ঘনিষ্ঠ ব্যক্তিদের নাম চলে আসতে পরে বলেই উপাচার্য মামলা করছেন না।
এদিকে নিয়োগের অনিয়মের অভিযোগ তুলে উপাচার্য শিরীণ আখতারের পদত্যাগের দাবিতে শিক্ষক সমিতির আন্দোলন চলছে। আজ মঙ্গলবার দুপুরে দ্বিতীয় দিনের মতো সমিতির সদস্যরা অবস্থান কর্মসূচি পালন করছেন। উপাচার্য ও সহ–উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।