
চট্টগ্রামে ২৭ বছর আগের একটি খুনের মামলা থেকে রাজনৈতিক বিবেচনায় সাত আসামির নাম প্রত্যাহার করা হয়েছে। তাঁরা সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগ-যুবলীগের নেতা-কর্মী। অথচ আদালতে সাক্ষীরা বলেছেন, সাতজনের সবাই ঘটনার সঙ্গে জড়িত।
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী মো. শাহজাহান খুন হন ১৯৯৬ সালে। সেই মামলার সাক্ষ্য গ্রহণ চলছিল জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল চট্টগ্রামে। এ অবস্থায় গত ১৭ জুলাই আদালত মামলা থেকে সাত আসামির নাম প্রত্যাহারের আদেশ দেন। সম্প্রতি বিষয়টি জানাজানি হয়।
রাষ্ট্রপক্ষের করা আবেদনে বলা হয়, আসামিরা সবাই যুবলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মী। মামলার বাদী ও সাক্ষীরা ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মী। রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য মামলাটি করা হয়েছে।
মামলা থেকে অব্যাহতি পাওয়া সাতজন হলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান, সীতাকুণ্ড উপজেলা যুবলীগের সহসম্পাদক নুরুচ্ছাফা, সদস্য বিজয় চক্রবর্তী, সীতাকুণ্ড আওয়ামী লীগের সদস্য রুহুল আমিন, যুবলীগের কর্মী দুলাল চন্দ্র দে, আমিনুল ইসলাম ও আনোয়ার হোসেন।
আদালত সূত্র জানায়, আদেশে বলা হয়, রাষ্ট্রপক্ষে সরকারি কৌঁসুলির আবেদন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০১৩ সালের ৯ সেপ্টেম্বর তারিখের স্মারকপত্রে রাষ্ট্রপক্ষ সাত আসামির বিরুদ্ধে মামলাটি না চালানোর সিদ্ধান্ত নিয়েছে। সার্বিক বিবেচনায় রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করে ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারার বিধানমতে সাত আসামির নাম প্রত্যাহারের অনুমতি দেওয়া হলো। তবে অপর আসামি আলাউদ্দিন ও পাপন চন্দ্র দের বিরুদ্ধে মামলা চলবে।
২৭টি বছর ধরে তাঁদের পরিবার অপেক্ষায় আছে, বিচার হবে। কিন্তু মামলা থেকে সাত আসামির নাম প্রত্যাহার করার খবর শুনে তাঁর বৃদ্ধ মা-বাবা অসুস্থ হয়ে পড়েছেন।শাহজাহানের ছোট ভাই মো. শামসুদ্দিন
রাষ্ট্রপক্ষের করা আবেদনে বলা হয়, আসামিরা সবাই যুবলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মী। মামলার বাদী ও সাক্ষীরা ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মী। রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য মামলাটি করা হয়েছে।
জানতে চাইলে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল চট্টগ্রামের সরকারি কৌঁসুলি মো. জাহাঙ্গীর আলম মামলা থেকে সাত আসামির নাম প্রত্যাহার বিষয়ে কিছুই জানেন না বলে জানান। গতকাল বুধবার তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি প্রত্যাহার আবেদন সিন (দেখে সই করা) করিনি। আমাকে জেলা পিপি কিছু জানাননি।’
তবে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, ‘মামলাটি আগে চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন ছিল। জেলা পিপি হিসেবে আমি আসামির নাম প্রত্যাহারের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।’
আমি তদন্তে যা পেয়েছি, তা-ই দিয়েছি। আদালতে সাক্ষ্য দিতে গিয়েও তা-ই বলব।ইফতেখার হোসেন সীতাকুণ্ড থানার তৎকালীন ওসি
জেলা পিপি জননিরাপত্তা ট্রাইব্যুনালে গিয়ে রাষ্ট্রপক্ষ থেকে মামলা প্রত্যাহারের আবেদন করতে পারেন না বলে জানান চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পিপি কফিল উদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, জননিরাপত্তা ট্রাইব্যুনাল স্বতন্ত্র আদালত। এটি জেলা ও দায়রা জজ আদালতের আওতাধীন নন।
পুলিশ ও আদালত সূত্র জানায়, ১৯৯৬ সালের ২৯ জুলাই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সীতাকুণ্ড ডিগ্রি কলেজ পূর্ব গেটের পাশে কলেজছাত্র শাহজাহানকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর আত্মীয় রায়হান উদ্দিন বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে সীতাকুণ্ড থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন ১৯৯৮ সালের ২৮ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন।
ইফতেখার হোসেন সীতাকুণ্ড থানার তৎকালীন ওসি হিসেবে মামলাটি তদন্ত করেছিলেন। দেড় বছর আগে এএসপি হিসেবে তিনি অবসরে যান। গতকাল তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি তদন্তে যা পেয়েছি, তা-ই দিয়েছি। আদালতে সাক্ষ্য দিতে গিয়েও তা-ই বলব।’
মামলা থেকে অব্যাহতি পাওয়া চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান প্রথম আলোকে বলেন, তিনি খুনের ঘটনায় জড়িত ছিলেন না। রাজনৈতিকভাবে হয়রানি করতে এ মামলায় জড়ানো হয়।
মামলার বাদীর আইনজীবী হোসেন মো. আশরাফ উদ্দিন প্রথম আলোকে বলেন, কারা ঘটনায় জড়িত, মামলার সাক্ষীরা আদালতকে তা জানিয়েছেন। এরপরও মামলা থেকে আসামিদের নাম প্রত্যাহার করে নেওয়া দুঃখজনক।
এদিকে ছেলের খুনের বিচার হবে, সেই অপেক্ষায় আছেন কলেজছাত্র শাহজাহানের বৃদ্ধ মা-বাবা। শাহজাহানের ছোট ভাই মো. শামসুদ্দিন প্রথম আলোকে বলেন, ২৭টি বছর ধরে তাঁদের পরিবার অপেক্ষায় আছে, বিচার হবে। কিন্তু মামলা থেকে সাত আসামির নাম প্রত্যাহার করার খবর শুনে তাঁর বৃদ্ধ মা-বাবা অসুস্থ হয়ে পড়েছেন।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) চট্টগ্রামের সম্পাদক আখতার কবির চৌধুরী প্রথম আলোকে বলেন, রাজনৈতিক বিবেচনায় মামলা প্রত্যাহার হওয়ায় সমাজে অপরাধীরা উৎসাহিত হচ্ছে। এর ফলে বাড়বে রাজনৈতিক হানাহানি।