ফোরকানকে নিয়ে বিপাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের হিসাবরক্ষক (চলতি দায়িত্ব) মোহাম্মদ ফোরকান
ছবি: সংগৃহীত

প্রশাসনিক অনিয়ম ও শৃঙ্খলা ভঙ্গের কারণে ২০১৭ সালে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল থেকে তাঁকে বদলি করা হয়েছিল চাঁদপুরের ফরিদগঞ্জে। কিন্তু সেই আদেশের তোয়াক্কা না করে তিনি নতুন কর্মস্থলে যোগ দেননি। উল্টো ১৩ দিনের মাথায় তাঁর বদলি আদেশ প্রত্যাহার করতে বাধ্য হন তৎকালীন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আলাউদ্দিন মজুমদার।

তিনি হলেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের হিসাবরক্ষক (চলতি দায়িত্ব) মোহাম্মদ ফোরকান। এবার ৫ কোটি ৩৭ লাখ টাকার বিল জালিয়াতির অভিযোগে ১৭ জুলাই ফোরকানকে বদলি করা হয় মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায়। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক মো. শামিউল ইসলাম স্বাক্ষরিত বদলি আদেশে উল্লেখ করা হয়, পাঁচ দিনের মধ্যে ছাড়পত্র গ্রহণ করতে হবে। অন্যথায় ষষ্ঠ দিন থেকে অব্যাহতি পেয়েছেন বলে গণ্য হবে। কিন্তু তিনি নতুন কর্মস্থলে যোগদান করেননি। চট্টগ্রাম জেনারেল হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ঠিকই, কিন্তু নথি, কাগজপত্রসহ দায়িত্ব কাউকে বুঝিয়ে দেননি।

উল্টো প্রশাসনিক ট্রাইব্যুনালে গিয়ে ফোরকান বদলি আদেশের বিরুদ্ধে মামলা করেছেন। মামলা খারিজ করার পর তা নিয়ে আবার আপিল করেন তিনি। অফিস সহকারী কাম কম্পিউটার অপারটের থেকে হিসাবরক্ষক (চলতি দায়িত্ব) পদে পদোন্নতি পাওয়া ফোরকান যেন স্বাস্থ্য বিভাগের সবাইকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগের শেষ নেই।

২০১৫ সালে জেনারেল হাসপাতালে যোগ দিয়ে মোহাম্মদ ফোরকান অনিয়ম ও দুর্নীতি চক্রের মূল হোতা হয়ে ওঠেন বলে অভিযোগ রয়েছে। সর্বশেষ গত ২৮ জুন বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়ে ৫ কোটি ৩৭ লাখ টাকার একটি বিল জালিয়াতির অভিযোগ ওঠে ফোরকানের বিরুদ্ধে। অনিয়মের অভিযোগে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসিইউ শয্যা স্থাপনের এই বিল দীর্ঘদিন ধরে আটকে ছিল। জালিয়াতির বিষয়টি ধরা পড়লে ফোরকানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা করা হয়।

এই ঘটনার পর বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটি এই জালিয়াতির জন্য ফোরকানকে দায়ী করে। ভুয়া স্বাক্ষরে বিল জালিয়াতির অভিযোগ ওঠার পর ফোরকানকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল। কিন্তু তিনি ওই আদেশও মানেননি। এমনকি তাঁর দায়িত্ব হিসাবরক্ষণ কর্মকর্তা মো. নাছির উদ্দীন খালেদকে বুঝিয়ে দিতে বলা হলেও তা দেননি।

এরপর তাঁকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বদলি করা হয় মুন্সিগঞ্জে। কিন্তু অব্যাহতি নিলেও জেনারেল হাসপাতালের কাগজপত্র ও দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন না। ফলে বিপাকে পড়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে হাসপাতালের কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রশাসনিক ও আর্থিক জটিলতা এবং বিব্রতকর অবস্থার সৃষ্টি হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। ফোরকানের কাছে নথি চেয়ে তিনবার তাগাদাপত্র দিলেও ওই চিঠি ফেরত আসে।

জানতে চাইলে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সেখ ফজলে রাব্বি প্রথম আলোকে বলেন, ফোরকান দায়িত্ব বুঝিয়ে দেননি। এ জন্য কাজকর্মে সমস্যা হচ্ছে। তিনি তালাবদ্ধ করে চলে গেছেন। এ নিয়ে তাঁকে তিন দফা চিঠি দেওয়া হয়েছে।

এরপরও সাড়া না পেলে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাগজপত্র উদ্ধার করতে হবে। এ ব্যাপারে বিভাগীয় পরিচালক বরাবর চিঠি লেখা হয়েছে।

করণীয় নির্ধারণের জন্য সোমবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বরাবর চিঠি দিয়েছেন সেখ ফজলে রাব্বি। এতে বলা হয়েছে, ফোরকানের বিষয়ে তথ্য–উপাত্ত সংগ্রহ ও হাসপাতালের কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদনের স্বার্থে তাঁর (ফোরকানের) এহেন কর্মকাণ্ডের বিরুদ্ধে করণীয় সম্পর্কে নির্দেশনা এবং আইন ও বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সবিনয় অনুরোধ করা হলো।

এ বিষয়ে চট্টগ্রাম বিভাগের ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিচালক মো. সাখাওয়াত উল্লাহ প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে আমাদের কী করণীয়, তা জানতে স্বাস্থ্য অধিদপ্তরের আইন শাখা থেকে পরামর্শ নেওয়া হবে। তারা যেটা পরামর্শ দেবে, সে অনুযায়ী কাজ হবে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আপিলের পর প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল থেকে ২৬ জুলাই হাসপাতাল কর্তৃপক্ষকে ফোরকানের বিষয়ে লিখিত বিবরণী দাখিল করতে বলা হয়। কিন্তু নথি ও দায়িত্বভার বুঝিয়ে না দেওয়ার কারণে ফোরকানের বিষয়ে তথ্য–উপাত্ত সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। এ জন্য প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের কাছে ৬০ দিনের সময় চাওয়া হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. শামিউল ইসলাম বলেন, ফোরকানের বিরুদ্ধে তিনি আপিল করেছেন। তবে এর পাশাপাশি প্রশাসনিক শাস্তি হিসেবে বিভাগীয় মামলা করার কথাও জানিয়েছেন তিনি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে কী কী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায়, সেটাও দেখার কথা বলেছেন তিনি।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে মো. ফোরকান বলেন, ‘আমি ২৯ জুলাই দায়িত্ব বুঝিয়ে দিয়েছি। ইউজার পাসওয়ার্ড দিয়েছি। তারা দেয়নি বললে তো হবে না। এ ছাড়া আপিল চলাকালে তারা আমাকে চিঠি দিতে পারে না। সে কারণে চিঠি গ্রহণ করিনি।’