
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে করা একটি মামলায় আজ বৃহস্পতিবার তিনজন সাক্ষী জবানবন্দি দিয়েছেন। এ নিয়ে এ মামলায় ২২ জন সাক্ষী জবানবন্দি দিলেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২–এ আজ জবানবন্দি দেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপপরিদর্শক মো. আবদুস সোবহান মিয়া, মো. রুহুল আমীন ও সোহাগ মিয়াজী। তাঁরা জব্দতালিকার সাক্ষী হিসেবে এই জবানবন্দি দেন।
ওবায়দুল কাদের ছাড়া এই মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ। এ মামলার সব আসামিই পলাতক।