
দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ আকর্ষণ এবং দুই দেশের তথ্যপ্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্যবসায়িক সম্পর্ক ও যোগাযোগ বৃদ্ধি করতে ‘বাংলাদেশ আইটি কানেক্ট পোর্টাল-দক্ষিণ কোরিয়া’ নামে একটি ভার্চ্যুয়াল ডেস্ক চালু করেছে সরকার। আজ বুধবার ভার্চ্যুয়ালি আয়োজিত এক অনুষ্ঠানে এ ডেস্কের উদ্বোধন করা হয়।
সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের অধীন সংস্থা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) ‘এনহ্যান্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি (ইডিজিই) প্রকল্প ও দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ দূতাবাসের যৌথ উদ্যোগে ডেস্কটি তৈরি করা হয়েছে। আইসিটি বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, ডেস্কটি দুই দেশের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক সংযোগ, সাক্ষাৎকারের ব্যবস্থা ও দক্ষিণ কোরিয়ার বাজার থেকে বিনিয়োগ আকর্ষণে ভূমিকা রাখবে।
উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ। তিনি বলেন, বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগে (এফডিআই) বিশ্বে দক্ষিণ কোরিয়ার অবস্থান পঞ্চম। ভবিষ্যতে আইটি খাতে দেশটির বিনিয়োগ ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে সহায়ক হবে। তিনি বাংলাদেশের হাই–টেক পার্কে ও আইটি খাতে কোরিয়ার কোম্পানিগুলোকে বিনিয়োগের আহ্বান জানান। এ ছাড়া কোরিয়া ও বাংলাদেশের যৌথভাবে দীর্ঘ মেয়াদে দক্ষতা উন্নয়ন কর্মসূচি গ্রহণের ব্যাপারে প্রস্তাবও করেন।
আইসিটি বিভাগ জানিয়েছে, ‘বাংলাদেশ আইটি কানেক্ট পোর্টাল-দক্ষিণ কোরিয়া’ প্ল্যাটফর্ম (www.Kr.itconnect.gov.bd) চালুর মধ্য দিয়ে সরকার এ পর্যন্ত চারটি দেশে একই ধরনের চারটি প্ল্যাটফর্ম তৈরি করা হলো। দক্ষিণ কোরিয়ার সঙ্গে এই প্ল্যাটফর্মে বাংলাদেশের ৮০টির বেশি প্রতিষ্ঠানের প্রোফাইল রয়েছে।
ভার্চ্যুয়াল ডেস্ক উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন, দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম দেলওয়ার হোসেন, কোরিয়া ট্রেড-ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সির (কেওটিআরএ) মহাপরিচালক জং উন কিম, স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ, ইডিজিই প্রকল্প পরিচালক মুহাম্মদ মেহেদী হাসান, বেসিস সভাপতি রাসেল টি আহমেদ, উল্কাসেমির চিফ অপারেটিং অফিসার মিজান রহমান।