সেপ্টেম্বর থেকে জরায়ু ক্যানসারের টিকা

জরায়ু ক্যানসার প্রতিরোধে দেওয়া হচ্ছে টিকা
ফাইল ছবি: রয়টার্স

জরায়ু ক্যানসার প্রতিরোধে নারীদের বিনা মূল্যে টিকা দেওয়া হবে। শুরুতে ১০ থেকে ১৫ বছর বয়সী কিশোরীদের এই টিকা দেওয়া হবে। আগামী সেপ্টেম্বর থেকে এই টিকা কার্যক্রম শুরু হবে।

আজ সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা বলেন। দেশব্যাপী প্রাথমিক স্বাস্থ্যসেবা বৃদ্ধিতে করণীয় নির্ধারণে এই সভার আয়োজন করা হয়। সভায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ক্যানসারের মধ্যে জরায়ু ক্যানসারে নারীদের মৃত্যু বেশি হয়। আগামী সেপ্টেম্বর থেকে জরায়ু ক্যানসারের টিকা দেওয়া হবে। এই টিকা কার্যক্রমের ফলে দেশে জরায়ু ক্যানসারে আক্রান্ত ও মৃত্যু দুই–ই কমে আসবে।

জাহিদ মালেক আরও বলেন, সরকার দেশব্যাপী সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের আওতায় দেশের ১৫ লাখ দরিদ্র পরিবারের ৬০ লাখ সদস্যের প্রত্যেকে বছরে ৫০ হাজার টাকার ওষুধ ও চিকিৎসাসহায়তা পাবেন। এখন যে বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হয়, এই সহায়তা হবে তার বাইরে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে কুড়িগ্রাম, মানিকগঞ্জ, বরিশাল, বরগুনা, লক্ষ্মীপুর ও লালমনিরহাট জেলায় সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ ছাড়া ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেও এই কর্মসূচি নেওয়া হবে।