
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আগামী সোমবার সাক্ষী হিসেবে জবানবন্দি দেবেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এ কথা বলেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই মামলার অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ইতিমধ্যে এই মামলায় অ্যাপ্রুভার (রাজসাক্ষী) হয়ে জবানবন্দি দিয়েছেন। এখন পর্যন্ত ৪৫ জন সাক্ষী এ মামলায় ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন।
আজ দুপুরে সাংবাদিকদের প্রসিকিউটর গাজী মোনাওয়ার বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলায় আজ শুনানির দিন ধার্য ছিল। প্রসিকিউশনের পক্ষ থেকে প্রস্তুতি ছিল যে আজ এই মামলার ঐতিহাসিক সাক্ষী, মানে প্রেক্ষাপটের সাক্ষী আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ও জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলাম সাক্ষ্য দেবেন। এ রকম প্রস্তুতি প্রসিকিউশনের ছিল। কিন্তু তাঁরা ব্যক্তিগত কারণে আজ আসতে পারেননি। তাই প্রসিকিউশনের পক্ষ থেকে ট্রাইব্যুনালে সময়ের আবেদন করা হয়েছে। ট্রাইব্যুনাল সময় মঞ্জুর করেছেন। আগামী সোমবার পরবর্তী সাক্ষ্য উপস্থাপনের দিন ধার্য করেছেন।
আগামী সোমবার মাহমুদুর রহমান ও নাহিদ ইসলাম এই মামলায় সাক্ষী হিসেবে জবানবন্দি উপস্থাপন করবেন বলে আশা প্রকাশ করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার।