
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আজ রোববার মাঠে নামছে আর্জেন্টিনা ও ফ্রান্স। রাত নয়টায় কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই ‘হাই ভোল্টেজ’ ম্যাচটি বড় পর্দায় দেখানো হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ফাইনাল ম্যাচের ঘণ্টা দুয়েক আগে থেকেই খেলা দেখতে হাজারো মানুষের ভিড় জমেছে সেখানে। ফুটবল অনুরাগী শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে উৎসবের আমেজ।
স্বাগতিক কাতার ও লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরের ম্যাচের মধ্য দিয়ে গত ২০ নভেম্বর শুরু হয় এবারের বিশ্বকাপ। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার সঙ্গে হেরে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল বিশ্বকাপ থেকে বিদায় নিলেও আর্জেন্টিনা উঠে ফাইনালে। লাতিন এই দুই ফুটবল পরাশক্তির খেলার প্রতিই বাংলাদেশের ফুটবল অনুরাগীদের আগ্রহ ও সমর্থন বেশি।
বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে সব খেলা দেখাতে মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের সৌজন্যে ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুটি এবং হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠে একটি ডিজিটাল স্ক্রিন বসানো হয়েছে। সেখানে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখতে এসেছেন ঢাকার বিভিন্ন এলাকা থেকে আসা নানা শ্রেণি-পেশার মানুষ।
আগের ম্যাচগুলোর ধারাবাহিকতায় আজও খেলা দেখতে ক্যাম্পাসে ভিড় জমেছে হাজারো মানুষের। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও এর আশপাশেও আছে খেলা দেখার ব্যবস্থা। যেসব শিক্ষার্থী অতিরিক্ত ভিড় এড়িয়ে খেলা দেখতে চান না, তাঁদের কেউ টিএসসিভিত্তিক বিভিন্ন সংগঠনের কক্ষে, কেউবা আবার আবাসিক হলের টিভিকক্ষে খেলা দেখার প্রস্তুতি নিচ্ছেন।
সন্ধ্যা থেকেই টিএসসির রাজু ভাস্কর্যের আশপাশে আর্জেন্টিনার সমর্থকেরা অবস্থান নিয়েছেন। তাঁদের বেশির ভাগের পরনে আর্জেন্টিনার জার্সি। কেউ কেউ বাজাচ্ছেন ভুভুজেলা বাঁশি। সাড়ে সাতটার দিকেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে টিএসসির দুই ডিজিটাল স্ক্রিনের সামনের জায়গা।
ঢাকার মগবাজার থেকে ১০ বছরের ছেলেকে সঙ্গে নিয়ে টিএসসিতে খেলা দেখতে এসেছেন মোহাম্মদ কামাল। তিনি প্রথম আলোকে বলেন, ‘আবার চার বছর পর বিশ্বকাপ আসবে। আর্জেন্টিনার জয়ের মধ্য দিয়ে এবারের বিশ্বকাপ ফাইনালটা স্মরণীয় হয়ে থাকবে বলে আশা করি। বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি এই ম্যাচের মধ্য দিয়ে বিদায় নিচ্ছেন। ফুটবল তাঁকে মিস করবে। আমরা যাঁরা আর্জেন্টিনার সমর্থক, তাঁদের জন্য ফাইনালের এই ম্যাচটা খুব স্পেশাল। আর্জেন্টিনার জয় ছাড়া দ্বিতীয় কিছু ভাবছি না।’
পুরান ঢাকা থেকে টিএসসি এলাকায় খেলা দেখতে এসেছেন ব্রাজিল সমর্থক নাসরীন আক্তার। তিনি বললেন, ‘ফ্রান্স এবার দারুণ ফর্মে আছে। আজ ফ্রান্স জিতবে বলে আশা করছি। তবে এটাও চাই যে মেসির হাতে কাপটা উঠুক।’