শিল্প মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করে আসা মো. ওবায়দুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। আর শিল্প মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পেয়েছেন আব্দুন নাসের খান। তিনি এত দিন চুক্তি ভিত্তিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন।
আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
আব্দুন নাসের খান ২০২৪ সালের ২৫ আগস্ট যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। পরে তিনি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব পদে উন্নীত হন। ওই পদ থেকে গত এপ্রিলে স্বাভাবিক অবসরে যাওয়ার কথা থাকলেও তখন অবসরোত্তর ছুটি বাতিল করে তাঁকে চুক্তিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব করা হয়েছিল।