ওয়াশিংটন ডিসি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ফাইল ছবি: বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসি পৌঁছেছেন।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব কে এম শাখাওয়াত মুন বলেন, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা গতকাল শনিবার সন্ধ্যায় সড়কপথে নিউইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসিতে পৌঁছান।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সংস্থার সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী। তিনি ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন।

নিউইয়র্কে অবস্থানকালে শেখ হাসিনা উচ্চপর্যায়ের বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেন। তিনি রুদ্ধদ্বার বৈঠকের পাশাপাশি সরকার-রাষ্ট্র-সংস্থার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নেন।

যুক্তরাজ্যের লন্ডন থেকে ১৯ সেপ্টেম্বর নিউইয়র্ক পৌঁছান প্রধানমন্ত্রী। এর আগে তিনি রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেন।

আগামী ৪ অক্টোবর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।