‘ইন্টার-ইউনিভার্সিটি টেবিল টেনিস ফেস্ট ২০২৬’-এ অংশ নেওয়া আইইউবির বিজয়ী শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা
‘ইন্টার-ইউনিভার্সিটি টেবিল টেনিস ফেস্ট ২০২৬’-এ অংশ নেওয়া আইইউবির বিজয়ী শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা

আন্তবিশ্ববিদ্যালয় টেবিল টেনিস ফেস্টে চ্যাম্পিয়ন আইইউবি

‘ইন্টার-ইউনিভার্সিটি টেবিল টেনিস ফেস্ট ২০২৬’-এর পুরুষ দলগত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)। একই প্রতিযোগিতায় নারী একক বিভাগে চতুর্থ হয়েছেন আইইউবির এক নারী শিক্ষার্থী।

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের আয়োজনে দুই দিনব্যাপী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় গত সোম ও মঙ্গলবার ঢাকার শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে। এতে দেশের ৩৬টি বিশ্ববিদ্যালয় থেকে ১৭৪ জন পুরুষ ও ৩৬ জন নারী খেলোয়াড় অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে জাতীয় পর্যায়ের র‍্যাঙ্কিংপ্রাপ্ত খেলোয়াড়ও ছিলেন।

এলিট পর্যায়ের পুরুষ দলগত ফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে শিরোপা জিতে নেয় আইইউবি। এর আগে সেমিফাইনালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও কোয়ার্টার ফাইনালে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশকে পরাজিত করে তারা। চ্যাম্পিয়ন হওয়ায় আইইউবি দল ট্রফির পাশাপাশি ১৫ হাজার টাকা প্রাইজমানি পায়। মঙ্গলবার অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

নারী এককের এলিট শ্রেণিতে আইইউবির সায়মা হলের আবাসিক শিক্ষার্থী মোছা. ইম্পা খাতুন (সমাজবিজ্ঞান ও মানববিদ্যা) চতুর্থ স্থান অর্জন করেন।

আইইউবি দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন মো. হাফিজুর রহমান এবং মো. কামরুজ্জামান। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ সমন্বয় করে আইইউবির ডিভিশন অব স্টুডেন্ট অ্যাক্টিভিটিজ (ডোসা)। পৃষ্ঠপোষক ছিল তুরাগ অ্যাকটিভ।