তথ্য অধিকার ফোরামের বিবৃতি

তথ্য কমিশনে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক প্রভাবমুক্ত নিয়োগের আহ্বান

প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনার নিয়োগে দলীয় রাজনীতি ও আমলাতান্ত্রিক প্রভাবের ঊর্ধ্বে উঠে দক্ষতা, অভিজ্ঞতা, নিরপেক্ষতা এবং সৎসাহসকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে তথ্য অধিকার ফোরাম। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ আহ্বান জানায় সংগঠনটি।

প্রধান তথ্য কমিশনার ও দুই তথ্য কমিশনার নিয়োগের সুপারিশের লক্ষ্যে গঠিত পাঁচ সদস্যের বাছাই কমিটির সভাপতি আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব এবং কমিটির অন্য সদস্যদের কাছে পাঠানো এক চিঠিতে এ আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, তথ্য অধিকার আইন, ২০০৯-এর ধারা ১৪(১) অনুযায়ী গঠিত বাছাই কমিটি সম্প্রতি প্রধান তথ্য কমিশনার ও দুই তথ্য কমিশনার নিয়োগের জন্য যোগ্য ও আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে তথ্য অধিকার ফোরাম বলেছে, এর মাধ্যমে একটি স্বাধীন, কার্যকর ও জনমুখী তথ্য কমিশন গঠনের দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হয়েছে।

তথ্য অধিকার ফোরামের মতে, তথ্য অধিকার আইনের কার্যকর বাস্তবায়ন অনেকাংশে নির্ভর করবে দক্ষ, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ তথ্য কমিশনের ওপর। তাই নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের শুধু আইনে নির্ধারিত দায়িত্ব পালনের সক্ষমতা নয়, সব ধরনের প্রভাবমুক্ত থেকে জনস্বার্থে কাজ করার যোগ্যতাও বিবেচনায় নেওয়া প্রয়োজন।

বিবৃতিতে বলা হয়, তথ্য অধিকার আইন নাগরিকের বাক্‌ ও চিন্তার স্বাধীনতা, রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত এবং দুর্নীতি কমানোর একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। তবে অতীতে দলীয় রাজনৈতিক বিবেচনা ও আমলাতান্ত্রিক প্রভাবের কারণে তথ্য কমিশনের নিয়োগপ্রক্রিয়া আইনটির প্রত্যাশিত সুফল নিশ্চিত করতে পারেনি। বর্তমান বাছাই কমিটি এ ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করেছে তথ্য অধিকার ফোরাম।

বিবৃতিতে তথ্য অধিকার ফোরামের কোর গ্রুপের সদস্যদের পক্ষে ফোরামের আহ্বায়ক শাহীন আনাম, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, বিএনএনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা এইচ এম বজলুর রহমান, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, আইসোশ্যালের চেয়ারপারসন অনন্য রায়হান, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) অবৈতনিক নির্বাহী পরিচালক সারা হোসেন, রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন, মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের (এমআরডিআই) নির্বাহী পরিচালক হাসিবুর রহমান, রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশের (রিইব) উপপরিচালক রুহী নাজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অব ইকোনমিক রিসার্চের টোব্যাকো ট্যাক্স প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক হামিদুল ইসলাম হিল্লোল বিবৃতিতে স্বাক্ষর করেন।