
চট্টগ্রাম নগরের হালিশহরে বাসায় বেড়াতে এসে এক তরুণীকে খুনের মামলায় তাঁদের আত্মীয় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামির নাম মো. রাসেল (২৪)। আজ সোমবার তৃতীয় অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ জসিম উদ্দিন চৌধুরী এই রায় দেন।
সরকারি কৌঁসুলি দুলাল চন্দ্র দেবনাথ প্রথম আলোকে বলেন, আদালত আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেন। আসামি সম্প্রতি জামিনে গিয়ে পলাতক রয়েছেন। তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন আদালত।
আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ১৩ মার্চ নগরের হালিশহর থানার ঈদগাঁ এলাকায় জুলি আক্তার নামের এক তরুণীকে ছুরিকাঘাতে খুন করা হয়। ওই বছরের ১৯ মার্চ তরুণীর বিয়ের দিন ধার্য ছিল। ঘটনার দিন জুলি আক্তারকে বাসায় একা রেখে চিকিৎসকের কাছে যান তাঁর মা ও ভাই। ওই সময়ে বাসায় আসেন তাঁদের দূর সম্পর্কের আত্মীয় রাসেল। আলমারিতে থাকা জুলির বিয়ের কিছু টাকা ও স্বর্ণালংকার নিতে তাঁর কাছে চাবি চান তিনি। দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডতা হয়। একপর্যায়ে রাসেল জুলিকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় জুলির বড় ভাই মো. আজিজ বাদী হয়ে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে রাসেলকে গ্রেপ্তার করে। তদন্ত শেষে পুলিশের দেওয়া অভিযোগপত্রের ভিত্তিতে আদালত আসামি রাসেলের বিরুদ্ধে বিচার শুরু করেন। ১৯ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত রায় দেন।