দুর্নীতি দমন কমিশনের (দুদক)
দুর্নীতি দমন কমিশনের (দুদক)

সম্পদের হিসাব দিতে গড়িমসি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী টুকুর ছেলের বিরুদ্ধে মামলা করবে দুদক

নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকুর ছেলে পাবনার বেড়া পৌরসভার সাবেক মেয়র এস এম আসিফ শামসের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪–এর ২৬(২) ধারায় আসিফ শামসের বিরুদ্ধে মামলাটি করবেন সংশ্লিষ্ট অনুসন্ধান কর্মকর্তা।

দুদকের অনুমোদিত মামলার অভিযোগে বলা হয়, শামসুল হক টুকুর বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে অর্থনৈতিক অপরাধে জড়িয়ে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সময় তাঁর ছেলে আসিফ শামসের সম্পদের হিসাব নেওয়ার উদ্যোগ নেয় দুদক। অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. আল–আমিন আসিফ শামসের নামে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সুপারিশ করেন। পরে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী তাঁর নামে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হয়।

দুদকের অভিযোগে আরও বলা হয়, কনস্টেবল–৬৪৮ জামাল উদ্দিনের মাধ্যমে আসিফ শামসের স্থায়ী ঠিকানায় সম্পদ বিবরণী ফরম পাঠানো হয়। দুই সাক্ষীর উপস্থিতিতে গত ১৬ জানুয়ারি তাঁর কাছে সম্পদ বিবরণী ফরম জারি করা হয়। আইন অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের জন্য তাঁকে ২১ কার্যদিবস সময় দেওয়া হয়েছিল। গত ১৮ ফেব্রুয়ারি সেই সময়সীমা শেষ হলেও তিনি সম্পদ বিবরণী দাখিল করেননি। এমনকি সময় বাড়ানোর জন্যও কোনো আবেদন করেননি। এ কারণে নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় তাঁর বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে কমিশন।

দুদক সূত্রে জানা যায়, শামসুল হক টুকুর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ে ২০২৫ সালের ২৩ ডিসেম্বর মামলা করা হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন।

এ ছাড়া শামসুল হক টুকুর অপর ছেলে এস এম নাসিফ শামস ও তাঁর স্ত্রী মুমতাহিনা মোস্তফার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হয়েছে। তাঁদের বিষয়টি বর্তমানে দুদকের অনুসন্ধানে রয়েছে।

আসিফ শামস পাবনার বেড়া পৌরসভার সাবেক মেয়র। তাঁর বাবা শামসুল হক টুকু আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার। ২০২৪ সালের ১৪ আগস্ট শামসুল হক টুকুকে গ্রেপ্তার করে পুলিশ।