
প্রতিকূল পরিবেশে সংস্কৃতিকর্মীরা যে বড় ভূমিকা পালন করেছেন, অনুকূল পরিবেশে তা পালনে ব্যর্থ হচ্ছেন। সংস্কৃতিকর্মীদের সব সময় খেয়াল রাখতে হবে, তাঁদের অবস্থান কোনোভাবে যেন একপেশে হয়ে না যায়। সমাজের অন্যায়ের বিরুদ্ধে সংস্কৃতিকর্মীদের কণ্ঠ যেন সারা বাংলাদেশ শুনতে পায়।
দেশের সাংস্কৃতিক সংগঠনগুলোর সবচেয়ে বড় মোর্চা সম্মিলিত সাংস্কৃতিক জোটের অষ্টম সম্মেলনে এই প্রত্যাশাই করেছেন সংস্কৃতিকর্মীরা। তাঁরা বলেছেন, সমাজ ও রাষ্ট্রের নানা প্রান্তে সাম্প্রদায়িকতার বিস্তার ঘটছে। ঘটছে মানবিক বিপর্যয়। এ পরিস্থিতিতে আত্মোপলব্ধি ও আত্মজাগরণের সময় এসেছে।
আজ শুক্রবার সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের এ সম্মেলন হয়। সম্মেলন উদ্বোধন করেন সমাজবিজ্ঞানী অনুপম সেন। তিনি উদ্বোধনী ভাষণে বলেন, সংস্কৃতিকর্মীরা সক্রিয় থাকলে সাধারণ মানুষও সমাজের কাজে এগিয়ে আসবে। সাধারণ মানুষ যখন ধর্মান্ধতার ঠুলি পরে থাকে, সেটি সরানোর দায়িত্ব সংস্কৃতিকর্মীর।
অনুপম সেন বলেন, ‘আমি বিশ্বাস করি, এ দেশের সংস্কৃতিকর্মীরা সবচেয়ে তেজোদ্দীপ্ত, প্রাণবন্ত ও আদর্শে উদ্বুদ্ধ। কথা-কবিতা, গান, আবৃত্তি ও নাটকে তাঁদের যে প্রতিবাদ, তা কখনো বৃথা যেতে পারে না। তাঁদের কণ্ঠে যে বিদ্রোহের গান, তা কোনো দিন ব্যর্থ হবে না।’
চট্টগ্রামে সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক অনুপম সেন বলেন, ‘মানবিক সমাজ প্রতিষ্ঠার যে আন্দোলন-সংগ্রাম, তাতে সংস্কৃতিকর্মীরা কখনো স্তব্ধ হয় না। সমাজে যত গ্লানি, অন্যায়, আমলাতন্ত্র সমাজের ঘাড়ে চেপে বসে আছে, তার প্রতিবাদে সংস্কৃতিকর্মীদের কণ্ঠ যেন সারা বাংলাদেশ শুনতে পায়।’
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্যজন রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, নাসির উদ্দীন ইউসুফ, সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, নাট্যজন সারা যাকের, প্রাবন্ধিক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, নাট্যজন ঝুনা চৌধুরী ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ।
মামুনুর রশীদ বলেন, ‘সংস্কৃতির প্রতি অবহেলা আজ আমাকে ব্যথিত করে। সংস্কৃতির যে মর্মকথা, তা আমাদের নীতিনির্ধারকেরা ঠিক বুঝতে পারেন না বলে মনে হয়। তাঁরা মনে করেন, সংস্কৃতি মানে হলো নাটক, গান। কিন্তু সংস্কৃতি তো মানুষের প্রতিদিনের জীবন। শত শত বছর ধরে আমাদের সংস্কৃতিতে নানা উপাদান এসে যুক্ত হয়েছে।’ তিনি আরও বলেন, প্রতিক্রিয়াশীল চক্রের পরামর্শে পাঠ্যক্রমে যে পরিবর্তন এসেছে, তার বিরুদ্ধেও সংস্কৃতিকর্মীদের সোচ্চার হতে হবে।
আসাদুজ্জামান নূর বলেন, আজ সারা দেশে যে সংস্কৃতিবিমুখতা, তা কীভাবে দূর করব? আজ সারা দেশে যে মানবিক বিপর্যয় ঘটেছে, তাতে শিক্ষার সঙ্গে সংস্কৃতির সমন্বয় ঘটাতেই হবে। তিনি বলেন, ‘গত ২১ বছর ধরে বাংলাদেশ যে উল্টো পথে হাঁটছে, তার বিরুদ্ধে গিয়ে আমরা কি আমাদের মতো করে বাংলাদেশকে পুরোপুরি সাজাতে পেরেছি? এটা একধরনের ব্যর্থতা। আমাদের সেই দুর্বলতা ও ভুলত্রুটিগুলো চিহ্নিত করে বিশ্লেষণ করতে হবে, সাংস্কৃতিক সংগঠনগুলোকে সমন্বয় করে আশু করণীয় নির্ধারণ করতে হবে।’
মফিদুল হক বলেন, ‘আজ আত্মসমালোচনার জায়গা থেকে আত্মোপলব্ধি ও আত্মজাগরণের সময় এসেছে আমাদের। আমরা প্রতিকূল পরিবেশে যে বড় ভূমিকা পালন করেছি, অনুকূল পরিবেশে তা পালনে ব্যর্থ হয়েছি। আজ সমাজ সাম্প্রদায়িকতা দ্বারা আচ্ছাদিত, তখন আমাদের শক্তি কী হবে, কার্যকর ভূমিকা কী হবে, তা নিয়ে ভাবতে হবে। আজ সরকারের সামগ্রিক অবস্থান কী, তা নিয়েও ভাবতে হবে। জোটকে কী করে আরও প্রভাবসম্পন্ন করা যায়, তা নিয়ে আরও ভাবতে হবে।’
নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘নব্বইয়ের দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনের পাশাপাশি সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে যে সংগ্রাম, তাতে আমাদের ক্লান্তি ছিল না। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার যে বাংলাদেশ, সেদিকে আমরা কতটা এগোতে পেরেছি? আমরা কি সংবিধান থেকে সাম্প্রদায়িক শব্দগুলো মুছে ফেলতে পেরেছি? আজ যে অর্থনৈতিক বিভেদ বা সামাজিক সমতার কথা বলছি, সেখানে সংস্কৃতিকর্মীদের একটি সাংস্কৃতিক অভিযাত্রা শুরু করতে হবে। যদি বায়ান্ন, একাত্তর, নব্বই বা ২০১৩ সালের গণজাগরণে করতে পারি, তবে এখনো সৃষ্টিশীলতার মধ্যে দিয়ে আমরা আবারও মানুষের মুক্তির কথা বলতে পারি।’
রামেন্দু মজুমদার বলেন, ‘সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিরুদ্ধে বড় অভিযোগ, সে তার প্রতিবাদী চরিত্র হারিয়েছে। আমরা সরকারের সুকৃতির গুণগান যেমন গাইব, তেমনিভাবে যেকোনো অন্যায়ের জোর প্রতিবাদও জানাতে হবে, সমালোচনা করতে হবে। আজ সারা বাংলাদেশের সংস্কৃতিকর্মীদের নিয়ে সপ্তাহব্যাপী সম্মেলন করতে হবে, যেখানে করণীয় নির্ধারণ করতে হবে।’
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতিমণ্ডলীর সদস্য ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাবেক সভাপতি সারা যাকের জোটের কর্মকাণ্ডকে সরকারের প্রভাবমুক্ত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমাদের অবস্থান কোনোভাবে যেন একপেশে হয়ে না যায়। আমরা নিজেদের আরও বিযুক্ত করে শিল্পের মাধ্যমে অন্যায়ের প্রতিবাদ করতে যেন বিরত না থাকি। স্বৈরাচারবিরোধী আন্দোলনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের যে বড় ভূমিকা, সে কথা তো আমরা ভুলে যাইনি। সেই দায়িত্ববোধের জায়গা থেকে সম্মিলিত সাংস্কৃতিক জোটকে আরও শক্তিশালী করতে হবে।’ জোটের কর্মকাণ্ডে নারীদের তিনি সক্রিয়ভাবে সামনের সারিতে আসার আহ্বান জানান।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, ‘আজ আমাদের জোটের বিরুদ্ধে বড় অভিযোগ আমরা নাকি সরকারের দালাল। কোনো কর্মসূচি দিলে আওয়ামী লীগ বলে আমরা বামের দালাল, বামেরা বলে আওয়ামী লীগের দালাল। কিন্তু আমরা বলতে চাই, আমরা কোনো দলের দালাল নই। আমরা মুক্তিযুদ্ধের দালাল, মুক্তিযুদ্ধের আদর্শের দালাল। আজকে রাষ্ট্রকাঠামোর সর্বস্তরে যখন সাম্প্রদায়িক শক্তি ও গণতন্ত্রবিরোধী শক্তি ঘাপটি মেরে আছে, তার প্রতিবাদে সংস্কৃতিকর্মীদের নিয়ে একটি সাংস্কৃতিক মহাজাগরণের প্রস্তুতি নিচ্ছি আমরা।’
বিকেলে গোলাম কুদ্দুছকে সভাপতি ও আহকাম উল্লাহকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যের কমিটি ঘোষণা করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। এ কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে আছেন আজহারুল হক, প্রচার সম্পাদক মীর মাশুরুর জামান, তথ্য সম্পাদক মানজার চৌধুরী ও সহসম্পদক আহমেদ গিয়াস।
দীর্ঘ প্রায় আট বছর পর নতুন কমিটি পেল সম্মিলিত সাংস্কৃতিক জোট। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্মেলন শেষে হওয়া জাতীয় কাউন্সিলে নতুন নেতৃত্ব বাছাই করা হলো। দুই বছর পর পর এই সম্মেলন হওয়ার কথা। নানা কারণে পিছিয়ে আট বছর পর সম্মেলন অনুষ্ঠিত হলো। এর আগে সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০১৪ সালে।
নতুন কমিটির উপদেষ্টা পরিষদে আছেন রামেন্দু মজুমদার, আতাউর রহমান, আসাদুজ্জামান নূর, মামুনুর রশীদ, মফিদুল হক, নাসিরউদ্দিন ইউসুফ, রেজওয়ানা চৌধুরী বন্যা, সারা যাকের ও লায়লা হাসান।
নির্বাহী পরিষদের সভাপতি গোলাম কুদ্দুছ, সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ সামাদ। সহ-সভাপতি হিসেবে আছেন লিয়াকত আলী লাকী, ঝুনা চৌধুরী, সালাউদ্দিন বাদল, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, মিলন কান্তি দে, মিনু হক, কামাল পাশা চৌধুরী, মীর বরকত, কুমার বিশ্বজিৎ, মিজানুর রহমান।
নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মো. আহ্কাম উল্লাহ্, সহ-সাধারণ সম্পাদক আহাম্মেদ গিয়াস, সাংগঠনিক সম্পাদক আজহারুল হক আজাদ, অর্থ সম্পাদক আক্তারুজ্জামান, তথ্য ও গবেষণা সম্পাদক মানজার চৌধুরী সুইট, দপ্তর সম্পাদক শিরিন ইসলাম, প্রচার সম্পাদক মীর মাসরুর জামান রনি, প্রকাশনা সম্পাদক ইকবাল খোরশেদ জাফর।
নির্বাহী সদস্য হিসেবে আছেন তারিক সুজাত, নিগার চৌধুরী, শাহাদাৎ হোসেন নিপু, রফিকুল ইসলাম, রেজীনা ওয়ালী লীনা, ফেরদৌস আহমেদ, ফকির সিরাজ, আরিফ রহমান, বুলবুল ইসলাম, অনন্ত হীরা, এম এ আজাদ, মনজুর আলম সিদ্দিকী, শাজনেওয়াজ, ত্রপা মজুমদার, প্রিয়াংকা গোপ, সঙ্গীতা ইমাম, হাসান আবিদুর রেজা জুয়েল, আহসান হাবিব নাসিম, নাসিরুল হক খোকন, বিশ্বজিৎ রায়, আক্তার-উজ-জামান কিরণ, ফয়জুল্লাহ সাঈদ, ঝর্ণা আলমগীর, আনিসা জামান চাঁপা, সোলায়মান কবির, আহসান উল্লাহ তমাল, লিলি ইসলাম, রোকেয়া প্রাচী, তানভিন সুইটি, তনিমা হামিদ, মাহবুব রিয়াজ, আবুল ফারাহ পলাশ, মাসুদুজ্জামান, শামসুজ্জামান বাবু, অনন্যা লাবনী পুতুল, রওনক হাসান, নবীন কিশোর গৌতম, হানিফ খান, ওয়ার্দা রিহাব, নাঈম হাসান সুজা, এইচ আর অনিক, আশিকুর রহমান বুলু, রেজাউল করিম রেজা, রওশন আরা রুশনী, নাজনিন হাসান চুমকি, বিজন চন্দ্র মিস্ত্রি, চৈতালী চৈতী, শহীদুল ইসলাম নাজু, তারেক আলী মিলন, শাহীন আহমেদ, অনিকেত রাজেশ, আবিদা রহমান সেতু, ফারজানা মালিক নিম্মি, ফারহিন খান জয়িতা, এনায়েত করিম বাবলু, হৃদি হক, আতিকুর রহমান উজ্জ্বল, এষা ইউসুফ, জি এম মোর্শেদ, নিয়াজ আহমেদ, তৌফিক হাসান ময়না, কাজী মিজানুর রহমান, মীর জাহিদ হাসান, শেখ শাফায়েতুর রহমান, এফ এম শাহীন, কিরীটি রঞ্জন বিশ্বাস, শামিমা তুষ্টি, মনিরুল ইসলাম, শাহ আলম সিকদার জয়, উর্মীলা শ্রাবন্তী কর, এহসানুল আজিজ বাবু, ফয়জুল আলম পাপ্পু, ঠান্ডু রায়হান, নাজমুল হাসান পাখী (চট্টগ্রাম বিভাগ), বিপ্লব প্রসাদ (রংপুর বিভাগ), সুকুমার দাস (খুলনা বিভাগ), আমিনুর রহমান ফরিদ (ঢাকা বিভাগ), কামসুল আলম সেলিম (সিলেট বিভাগ), আজমল হোসেন লাবু (বরিশাল বিভাগ), দিলীপ কুমার ঘোষ (রাজশাহী বিভাগ), গোলাম মোস্তফা (ইংল্যান্ড), আহমেদ হোসেন (কানাডা), মাহতাব সোহেল (যুক্তরাষ্ট্র), শামসুল হুদা সেলিম (কানাডা), মিথুন আহমেদ (যুক্তরাষ্ট্র)।