ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের তথ্য উপস্থাপন’ শীর্ষক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। জাতীয় প্রেসক্লাব। ৭ মে
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের তথ্য উপস্থাপন’ শীর্ষক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। জাতীয় প্রেসক্লাব। ৭ মে

সংরক্ষিত নারী আসন

ইসি দায়িত্ব পালন করেছে কি না, প্রশ্ন আছে: বদিউল আলম মজুমদার

সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৫০ জন সংসদ সদস্যের মধ্যে সবাই হলফনামায় সব তথ্য দেননি। এরপরও তাঁদের মনোনয়ন বৈধ ঘোষণা করায় নির্বাচন কমিশন (ইসি) তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছে কি না, সেই প্রশ্ন তুলেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, হলফনামায় কোনো তথ্য না দিলে তথ্য গোপন করা হয়। নির্বাচন কমিশনের এ বিষয়ে দায়িত্ব আছে। তারা তাদের দায়িত্ব পালন করেছে কি না, তা নিয়ে সুজনের প্রশ্ন আছে।

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের তথ্য উপস্থাপন’ শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করে সুজন। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার এ কথাগুলো বলেন।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যের তথ্য অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা ইসিতে যে হলফনামা জমা দিয়েছেন, তাতে বিএনপির একজন শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেননি। পেশা কী, তা উল্লেখ করেননি বিএনপির ৫ জন, জামায়াত জোটের ২ জন ও স্বতন্ত্র জোটের একমাত্র সংসদ সদস্য। বয়স উল্লেখ করেননি বিএনপির ২ জন। বার্ষিক আয়ের তথ্য দেননি বিএনপির ৫ জন ও জামায়াত জোটের ২ জন। মোট সম্পদের তথ্য দেননি বিএনপির একজন। ঋণসংক্রান্ত তথ্য দেননি বিএনপির ৮ জন ও জামায়াতের ২ জন। আয়করসংক্রান্ত তথ্য দেননি বিএনপির ৪ জন আর জামায়াত জোটের ৬ জনসহ ১০ জন।

এ প্রসঙ্গে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব হলো আইনকানুন ও বিধি নির্মোহভাবে প্রয়োগ করা। কমিশনের দায়িত্ব ছিল সবার তথ্য নিশ্চিত করা। হলফনামায় অনেকে আয়কর বিবরণী দেননি। এটা দেওয়া বাধ্যতামূলক। এটি না দিলে মনোনয়নপত্র বাতিল হওয়ার কথা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ৩৫০টি সংসদীয় আসনের মধ্যে সংরক্ষিত নারী আসনের শতকরা হার ১৪ দশমিক ২৯ শতাংশ। আর সাধারণ আসনে নির্বাচিত নারীরাসহ নারী প্রতিনিধিত্বের হার মাত্র ১৬ দশমিক ২৯ শতাংশ (৫৭টি)।

এ অবস্থার পরিবর্তন হওয়া দরকার উল্লেখ করে বদিউল আলম মজুমদার বলেন, দেশের জনগোষ্ঠীর অর্ধেক নারী। তাই সংসদের অর্ধেক প্রতিনিধিত্বে নারীদের নিয়ে আসাই ন্যায়সংগত হবে।

নারী নেতৃত্ব তৈরিতে ঘূর্ণমান পদ্ধতি উত্তম

নারী নেতৃত্ব সৃষ্টিতে ঘূর্ণমান পদ্ধতিকে সবচেয়ে উত্তম পদ্ধতি উল্লেখ করে সুজন সম্পাদক বলেন, সরাসরি নির্বাচনের মাধ্যমে নারী নেতৃত্ব বেরিয়ে আসার সুযোগ সৃষ্টি হয়। ভারতের পঞ্চায়েতে এই পদ্ধতি দেখা গেছে। এর অভিজ্ঞতার আলোকে তারা এখন কেন্দ্রীয় পর্যায়ে ১৫ বছরের জন্য এই পদ্ধতি ব্যবহার করবে। বাংলাদেশে সংরক্ষিত আসনে যাঁরা সংসদে গেছেন, তাঁরা নারীদের সরাসরি নির্বাচনের বিষয়ে এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্ব দেবেন বলে তিনি আশা ব্যক্ত করেন।

সংসদ সদস্যদের যুক্ত হওয়া যখন সংবিধান পরিপন্থী

স্থানীয় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সংসদ সদস্যদের যুক্ত হওয়া সংবিধান পরিপন্থী উল্লেখ করে বদিউল আলম মজুমদার বলেন, সংসদ সদস্যদের স্থানীয় উন্নয়নে যুক্ত করা সংবিধানের লঙ্ঘন, আদালতের নির্দেশ লঙ্ঘন। ‘আনোয়ার হোসেন মঞ্জু বনাম বাংলাদেশ’ মামলার রায়ে সুস্পষ্ট বলা আছে, সংসদ সদস্যদের, হুইপদের, মন্ত্রীদের স্থানীয় উন্নয়নে যুক্ত হওয়া সংবিধান পরিপন্থী। এগুলো উপেক্ষা করে তাদের জন্য স্থানীয় সরকারে অফিস স্থাপন করা হচ্ছে। এটি স্থানীয় সরকারের ওপর তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত করবে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়ন অবৈধ ঘোষণার মাধ্যমে ইসি সমতা নিশ্চিত করেছে কি না, অনেকে এখন সেই প্রশ্ন তুলছেন বলে মন্তব্য করেন বদিউল আলম মজুমদার। তিনি বলেন, অতীতে দেখা গেছে যে জাতীয় নির্বাচনে ঋণখেলাপি এবং দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগ ছিল। এগুলো উপেক্ষা করে অনেকের মনোনয়ন বৈধ করা হয়েছে। এখানেও অভিযোগ আছে, অন্তত একজনের দ্বৈত নাগরিকত্ব থাকার পরও তাঁর মনোনয়ন বৈধ করা হয়েছে। আর একজনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। উপস্থিত ছিলেন সুজনের ঢাকা মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি ক্যামেলিয়া চৌধুরী এবং কর্মসূচি ব্যবস্থাপক সজল কোরায়েশী।