
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জাছিজার রহমান ওরফে খোকাকে (৬৯) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল শুক্রবার রাতে ঢাকার মোহাম্মদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি গাইবান্ধা সদরে। মুক্তিযুদ্ধের সময় তিনি রাজাকার বাহিনীতে যোগ দেন এবং পাকিস্তানি হানাদার বাহিনীকে বিভিন্ন কাজে সহায়তা করেন। আজ শুক্রবার র্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র্যাব জানায়, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে গাইবান্ধা সদরে হত্যা–গণহত্যা, ধর্ষণ, আটক, অপহরণ, নির্যাতন, বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগে সরাসরি জড়িত ছিলেন জাছিজার রহমান। এসব অপরাধের দায়ে ২০১৯ সালের অক্টোবরে তাঁকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
র্যাবের ভাষ্য, জাছিজার রহমান ২০১৬ সালে আত্মগোপনে যান। তিনি ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলের। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে রক্ষা পেতে তিনি নিয়মিত বাসা পরিবর্তন করতেন। তাঁর ছেলেরা আর্থিকভাবে তাঁকে সহায়তা করতেন।