পারুল বেগম
পারুল বেগম

রেললাইন ধরে হাঁটতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল নারীর

প্রতিদিনের মতো আজ বৃহস্পতিবার বিকেলেও রেললাইন ধরে হাঁটতে বেরিয়েছিলেন ষাটোর্ধ্ব পারুল বেগম। কিন্তু রাজধানীর মালিবাগের গুলবাগ এলাকায় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন তিনি। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে ঢাকা রেলওয়ে থানা-পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। এরপর স্বজনেরা থানায় গিয়ে মরদেহ শনাক্ত করেন।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন জানান, পারুল বেগম পরিবারের সঙ্গে মালিবাগের গুলবাগ এলাকায় থাকতেন। প্রতিদিনের মতো আজ বিকেলেও তিনি রেললাইন ধরে হাঁটতে বের হন। একপর্যায়ে বিকেল সাড়ে চারটার দিকে গুলবাগ রেললাইনে চলন্ত ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ওসি জয়নাল আবেদিন আরও বলেন, দুর্ঘটনার পরপর আশপাশের বাসিন্দারা জড়ো হলেও তাৎক্ষণিকভাবে কেউ ওই নারীকে শনাক্ত করতে পারেননি। পরে রেলওয়ে থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নেওয়ার পর স্বজনেরা এসে পরিচয় নিশ্চিত করেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।