
তুরস্কপ্রবাসী এক বাংলাদেশি নাগরিককে আটকে রেখে মুক্তিপণ আদায়ের অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীর ভাই। অভিযুক্ত ব্যক্তিরা হলেন তুরস্কপ্রবাসী আনোয়ার হোসেন ও মো. জাহাঙ্গীর। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে মামলাটি করেন ভুক্তভোগী মো. রুবেলের ভাই মফিজুল ইসলাম।
বাদীর আইনজীবী সাইয়েদ হোসাইনুল করিম প্রথম আলোকে বলেন, আদালত পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) মামলা তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার আরজিতে বলা হয়েছে, বাদী মফিজুল ইসলাম নগরের খুলশী থানার তুলাতলী এলাকার আবু সিদ্দিকের ছেলে। তিনি পেশায় একজন বাসচালক। তাঁর ভাই মো. রুবেল মিয়া তুরস্কের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। গত ৭ সেপ্টেম্বর প্রবাসী বাংলাদেশিদের একটি চক্র তাঁকে অপহরণ করে।
ওই দিন রাত সাড়ে আটটার দিকে আসামিরা অজ্ঞাত স্থান থেকে বাদীর হোয়াটসঅ্যাপে ফোন করে রুবেলের মুক্তিপণের জন্য তিন লাখ টাকা দাবি করেন। এ সময় রুবেলকে তাঁর ভাই মফিজুল ইসলামের সঙ্গে ফোনে কথা বলতে দেন অপরণকারীরা। পরদিন আসামিরা বাংলাদেশি একটি ব্যাংকের হিসাব নম্বর দেন মফিজুল ইসলামকে। পরে ওই ব্যাংক হিসাবে তিন লাখ টাকা জমা দেন তিনি। এরপরও আসামিরা রুবেলকে মুক্তি দেননি। অপহরণকারীরা আরও টাকা চাইলে রুবেলের এক সহকর্মী আরও আড়াই লাখ টাকা দেন। কিন্তু এরপরও অপহরণকারীরা রুবেলকে মুক্তি দেয়নি। কোনো সন্ধানও পাওয়া যায়নি তাঁর।