
সর্বশেষ ২৪ ঘণ্টায় (গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) দেশে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে টানা দুই দিন ডেঙ্গুতে আক্রান্ত কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে এ সময় নতুন করে ১২০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরে ৭৮ জন এবং ঢাকার বাইরে ৪২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১ হাজার ৭২৭ ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে ঢাকা মহানগরের ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৯৫৪ জন এবং অন্যান্য বিভাগে চিকিৎসা নিচ্ছেন ৭৭৩ জন।
এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭ হাজার ৮৫৮ জন। এর মধ্যে ২৫৪ জন মারা গেছেন। সবচেয়ে বেশি ১১৩ জন মারা যান গত নভেম্বরে। ঢাকা বিভাগে ডেঙ্গুতে সবচেয়ে বেশি ১৫৭ জন মারা গেছেন।