আশুলিয়ায় বাসে আগুন: ঢাকা জেলা বিএনপির দুজনের স্বীকারোক্তি, চারজন রিমান্ডে

ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত
ছবি: সংগৃহীত

আশুলিয়ায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার মামলায় ঢাকা জেলা বিএনপির দুজন নেতা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ছাড়া একই মামলায় ঢাকা জেলা বিএনপির চার নেতাকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের ম্যাজিস্ট্রেট শেখ মুজাহিদুল ইসলাম বুধবার এ আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশের আদালত পরিদর্শক মনিরুল ইসলাম।

যে দুজন আদালতে স্বীকারোক্তি দিয়েছেন, তাঁরা হলেন ঢাকা জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক মো. সুরুজ্জামান ও সাভার থানা যুবদলের সদস্য মো. সুজন। যে চারজনকে রিমান্ডে নেওয়া হয়েছে, তাঁরা হলেন ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, ঢাকা জেলা বিএনপির সদস্য মো. মুমিনুল ইসলাম, ধামরাই পৌর ছাত্রদলের সদস্য অপূর্ব চন্দ্র দাস ও ধামরাই থানা যুবদলের সদস্য মো. রাজীব হোসেন।

গত ২৯ জুলাই ঢাকার প্রবেশপথগুলোতে বিএনপির অবস্থান কর্মসূচির দিনে সাভারের আশুলিয়ায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা করেন ক্ষতিগ্রস্ত বাসের চালক মো. আনোয়ার হোসেন। ওই মামলায় ঢাকা জেলা বিএনপির ছয় নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পুলিশ।