তফসিল প্রত্যাখ্যান করে ২২ পেশাজীবী সংগঠনের বিবৃতি

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বুধবার সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বুধবার সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে ২২টি পেশাজীবী সংগঠন। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো ওই যৌথ বিবৃতিতে বলা হয়, দেশের জনগণ ও আন্তর্জাতিক অঙ্গনের দাবি উপেক্ষা করে সরকারি দল আওয়ামী লীগের ইচ্ছানুযায়ী একতরফা তফসিল ঘোষণা করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের পর দুটি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। নগ্ন দলীয়করণের ফলে নির্বাচন প্রক্রিয়ায় প্রশাসন ও পুলিশ গ্রহণযোগ্যতা হারিয়েছে। ফলে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে জনগণের মধ্যে শঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে আগামী জাতীয় নির্বাচন নিয়ে আস্থার সংকট ও ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে। এই নির্বাচনকে গ্রহণযোগ্য করতে হলে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান পেশাজীবী এই সংগঠনগুলোর নেতারা।

বিবৃতিতে স্বাক্ষর করা ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, সদস্যসচিব কাদের গণি চৌধুরী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ জে মোহাম্মদ আলী, মহাসচিব কায়সার কামাল, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. আবদুস সালাম, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) সভাপতি অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, মহাসচিব অধ্যাপক মোর্শেদ হাসান খান, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি এম আবদুল্লাহ, মহাসচিব নুরুল আমিন রোকন প্রমুখ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের অধ্যাপক শামসুল আলম সেলিম প্রমুখ।