গ্রেপ্তার
গ্রেপ্তার

ঢাকায় ২২ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

২২ মামলার পলাতক আসামি ও চিহ্নিত ছিনতাইকারী মো. লালনকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর পল্টন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ নভেম্বর সন্ধ্যায় পল্টনের শহীদ মতিউর পার্ক এলাকায় মো. জামাল নামে এক ব্যক্তির ওপর গ্রেপ্তার লালন ও তাঁর সহযোগীরা ধারালো চাপাতি দিয়ে আক্রমণ করে তাঁকে গুরুতর আহত করেন। তাঁরা জামালের কাছ থেকে একটি মুঠোফোন ও ১৭ হাজার ৩০০ টাকা ছিনতাই করে নিয়ে যান। গত ১৬ নভেম্বর এ ব্যাপারে পল্টন মডেল থানায় একটি মামলা করা হয়েছিল। মামলাটি তদন্তকালে ভুক্তভোগীর বক্তব্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় পল্টন মডেল থানার বায়তুল মোকাররম মসজিদের পূর্ব গেট–সংলগ্ন এরশাদ গলিতে অভিযান চালিয়ে লালনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার লালন একজন পেশাদার মাদক কারবারি ও ছিনতাইকারী। পল্টন মডেল থানা এলাকাসহ আশপাশের এলাকায় বিভিন্ন অবৈধ মাদক বিক্রি ও অসংখ্য ছিনতাইয়ের ঘটনার সঙ্গে তিনি ও তাঁর সহযোগীরা জড়িত ছিলেন। লালনের বিরুদ্ধে রাজধানীর পল্টন মডেল থানা, মতিঝিল থানা, মুগদা থানা ও ডেমরা থানায় ছিনতাই, ডাকাতি ও মাদকের মোট ২২টি মামলা রয়েছে।