সাধারণ নাগরিকদের ব্যক্তিগত তথ্য কেনাবেচাকে ঘিরে অনলাইনে একটি বাজার গড়ে উঠেছে। ফেসবুকে বিজ্ঞাপন, ওয়েবসাইট, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপের মাধ্যমে এসব তথ্য বিক্রি হচ্ছে। টাকা দিলেই পাওয়া যাচ্ছে জাতীয় পরিচয়পত্র, কল ডিটেলস রেকর্ড, মোবাইল ফোনের অবস্থান, এসএমএসের তালিকা, টিআইএন, পাসপোর্টের তথ্য ও মোবাইল আর্থিক সেবার হিসাব বিবরণী। তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ডিসমিসল্যাবের অনুসন্ধানে ব্যক্তিগত তথ্য বিক্রি করা ১০টি সক্রিয় ওয়েবসাইটের সন্ধান পাওয়া গেছে। এ ছাড়া শুধু ফেসবুকেই এক মাসে ৬০০টির বেশি বিজ্ঞাপন পাওয়া গেছে।