আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ, ছাত্র-জনতাকে গুলির ঘটনার ভিডিওর স্থিরচিত্র ট্রাইব্যুনালে দাখিল

পুলিশের এক কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাঁর নাম মোহাম্মদ সুজন হোসেন। রাজধানীর চানখাঁরপুলে ছাত্র–জনতার ওপর গুলি করার ঘটনায় তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওর স্থিরচিত্র ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে।

আজ রোববার কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেনকে হাজির করা হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ট্রাইব্যুনালের দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

প্রসিকিউশন পক্ষে শুনানিতে অংশ নিয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ বলেন, রাজধানীর চানখাঁরপুলে বোরহানউদ্দিন কলেজের পাশে গত ৫ আগস্ট সুজন হোসেনকে কখনো দাঁড়িয়ে বা কখনো শুয়ে ছাত্র-জনতার ওপর গুলি করতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওর স্থিরচিত্র ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। শুনানিতে সুজন হোসেনের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

বি এম সুলতান মাহমুদ প্রথম আলোকে বলেন, সুজন হোসেনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা রয়েছে। আগামী ২৩ ফেব্রুয়ারি মামলার তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য করা হয়েছে।

শুনানির সময় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।